তুরস্ক সফর শেষে ফিরেছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটির প্রতিনিধি দল
প্রকাশ: ১২ আগস্ট, ২০২৬, ০৫:০২ বিকাল
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

মজলুম গাজাবাসীর পাশে দাঁড়ানো ও বাংলাদেশের অসহায় মানুষের জন্য আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে তুরস্ক সফর শেষে দেশে ফিরেছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের চার সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।

প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের সভাপতি মুফতি মাহফুজুল হক। তাঁর সঙ্গে ছিলেন সংস্থার উপদেষ্টা মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আমিরুল ইসলাম এবং উপদেষ্টা মুফতি রেজাউল করিম আবরার।

বুধবার (১২ আগস্ট) তাদের দেশে প্রত্যাবর্তনে সংস্থার প্রতিনিধিরা ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।

ফিলিস্তিন উলামা পরিষদের আমন্ত্রণে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো এবং বাংলাদেশের অসহায় মানুষের জন্য আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে তারা তুরস্ক সফর করেন। সফরের শুরুতে ফিলিস্তিনের মজলুম পরিবারগুলোর জন্য বাংলাদেশ থেকে সংগৃহীত ১০ হাজার মার্কিন ডলার ফিলিস্তিন উলামা পরিষদের কাছে হস্তান্তর করা হয়।

তুরস্কে অবস্থানকালে প্রতিনিধিদলটি ফিলিস্তিন উলামা পরিষদের সভাপতি ড. নাওয়াফ হাইল তকরুরী, তুরস্কের প্রখ্যাত চিন্তাবিদ ড. শাইখ ইহসান শেনোজাক আফানদিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে ফিলিস্তিন সংকট, মানবিক সহায়তা এবং উম্মাহর স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এ ছাড়া বাংলাদেশে চলমান প্রায় ১৪টি মানবিক প্রকল্পে তুরস্কের বিভিন্ন সংস্থার সহযোগিতা ও অংশীদারত্ব বাড়ানোর বিষয়েও আলোচনা করেন তারা। শিক্ষা, স্বাস্থ্যসেবা ও দুর্যোগ ব্যবস্থাপনায় আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধিকে সফরের অন্যতম লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়।

সফরকালে প্রতিনিধিদলটি তুরস্কের বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শনের পাশাপাশি ১০ আগস্ট অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সম্মেলনেও অংশ নেন।

হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি জানিয়েছে, গাজা ও সুদানে মানবিক সেবামূলক কার্যক্রমের মাধ্যমে সংস্থাটি ইতিমধ্যে আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত হয়েছে। মজলুম মানুষের পাশে দাঁড়ানোর এই সফর ভবিষ্যতে মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে সংস্থাটি।

আইও/