
|
৩১তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার সময়সূচি ঘোষণা
প্রকাশ:
১২ আগস্ট, ২০২৬, ০৫:২৭ বিকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ৩১তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৬-এর সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১ অক্টোবর থেকে শুরু হয়ে এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে ২৮ ও ২৯ নভেম্বর। সম্প্রতি ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যালয় থেকে থানা, জেলা ও বিভাগীয় কমিটির সদস্য এবং সংশ্লিষ্টদের উদ্দেশে পাঠানো এক জরুরি বার্তায় এ সময়সূচি জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, থানা ও জেলা পর্যায়ের প্রতিযোগিতা ১ অক্টোবর থেকে ৩০ অক্টোবরের মধ্যে এবং বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা ১ নভেম্বর থেকে ২০ নভেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে। এরপর ২৮ ও ২৯ নভেম্বর (শনিবার ও রবিবার) দুই দিনব্যাপী জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সব জেলা ও বিভাগীয় কমিটিকে পরামর্শ সভা আহ্বান করে থানা ও জেলা পর্যায়ের প্রতিযোগিতার তারিখ ও স্থান নির্ধারণ করতে হবে। এ ছাড়া যেসব থানা, জেলা, মহানগর ও বিভাগীয় কমিটির মেয়াদ ইতোমধ্যে উত্তীর্ণ হয়েছে, সেসব কমিটি নিয়মতান্ত্রিকভাবে নবায়ন করে কেন্দ্রীয় কার্যালয়কে অবহিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। হুফফাজুল কুরআন ফাউন্ডেশন হিফজ শিক্ষাবোর্ডে নিবন্ধিত নয়—এমন কোনো প্রতিষ্ঠান প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে। প্রতিযোগিতার সব প্রস্তুতি নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য জেলা ও বিভাগীয় কমিটিসহ সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে আহ্বান জানিয়েছে ফাউন্ডেশন। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন হুফফাজুল কুরআন বাংলাদেশের সভাপতি হাফেজ ক্বারী আব্দুল হক, সাধারণ সম্পাদক হাফেজ মো. নাসির উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক হাফেজ মো. আজম খান। আইও/ |