৭৩ দিনে হাফেজ হলেন ১৩ বছরের মুসাইব
প্রকাশ: ১২ আগস্ট, ২০২৬, ০৫:৩৭ বিকাল
নিউজ ডেস্ক

বরিশাল প্রতিনিধি

বরিশালের গৌরনদীতে মাত্র ৭৩ দিনে পবিত্র কুরআনুল কারিম মুখস্থ করে বিস্ময় সৃষ্টি করেছেন ১৩ বছরের মুসাইব হোসাইন। দ্রুততম সময়ে হিফজ সম্পন্ন করার এই কৃতিত্বে তাকে বিশেষ সংবর্ধনা দিয়েছে তার শিক্ষাপ্রতিষ্ঠান।

মুসাইব গৌরনদী উপজেলা গেটসংলগ্ন উবাই ইবনে কাব (রা.) হিফজুল কুরআন মাদরাসার হিফজ বিভাগের ছাত্র। তিনি আগৈলঝাড়া উপজেলার ফুলশ্রী গ্রামের মিজানুর রহমান বেপারীর ছেলে।

পারিবারিক ও মাদরাসা সূত্রে জানা যায়, ছোটবেলা থেকেই পড়াশোনায় মেধাবী মুসাইব। প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ার সময় উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে মেধা তালিকায় স্থান করে নিয়ে বিভিন্ন পুরস্কার অর্জন করেন তিনি।

ছেলের মেধা ও প্রতিভা দ্বীনি শিক্ষায় কাজে লাগানোর উদ্দেশ্যে পরে তাকে হিফজুল কুরআন মাদরাসায় ভর্তি করেন পরিবারের সদস্যরা। মাদরাসায় ভর্তি হওয়ার পর শিক্ষকেদের আন্তরিক তত্ত্বাবধান ও নিজের কঠোর অধ্যবসায়ের মাধ্যমে মাত্র ২ মাস ১৩ দিনে (৭৩ দিনে) পুরো কুরআন মুখস্থ করেন মুসাইব।

মাদরাসার মুহতামিম হাফেজ ক্বারী একরামুল হক বলেন, অন্যান্য শিক্ষার্থীরা যখন বিকেলে খেলাধুলা করত কিংবা রাতে ঘুমাত, মুসাইব তখন একান্ত আগ্রহে কুরআন তেলাওয়াত ও মুখস্থে ব্যস্ত থাকত। প্রবল ইচ্ছাশক্তির কারণে কখনো কখনো সে একদিনেই এক পারা কোরআন মুখস্থ করে ফেলেছে। এটি আল্লাহর বিশেষ রহমত।

মুসাইবের বাবা মিজানুর রহমান বেপারী ছেলের এমন সাফল্যে আনন্দ ও গর্ব প্রকাশ করে তার ভবিষ্যতের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

মুসাইব জানান, বড় হয়ে তিনি একজন বিশিষ্ট আলেম হতে চান। এ লক্ষ্য পূরণে তিনি সবার কাছে দোয়া কামনা করেছেন।

আইও/