সুইজারল্যান্ডে ইরানের প্রতিনিধি দল, যাচ্ছেন ভ্যান্স-শাহবাজ ও আসীম মুনির
প্রকাশ: ২১ জুন, ২০২৬, ০৯:০২ সকাল
নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে উচ্চপর্যায়ের শান্তি আলোচনায় অংশ নিতে এরই মধ্যে সুইজারল্যান্ড পৌঁছেছেন ইরানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল এবং ওয়াশিংটন ছেড়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও। একই আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডের বুর্গেনস্টকের উদ্দেশে রওনা হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসীম মুনির।

রোববার (২১ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে দেশটির প্রতিনিধি দলটি এরই মধ্যে সুইজারল্যান্ডে পৌঁছেছে।

ইরানি প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়েছে, যুদ্ধ অবসানের লক্ষ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) যাতে সব পক্ষ পুরোপুরি বাস্তবায়ন করে, তা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।

এদিকে ওয়াশিংটন ছাড়ার আগে শনিবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, সুইজারল্যান্ডে ইরানের সঙ্গে উচ্চপর্যায়ের এই আলোচনা নিয়ে তিনি বেশ আশাবাদী। ইরানের পরমাণু কর্মসূচি এবং লেবানন পরিস্থিতি নিয়ে এই আলোচনায় ইতিবাচক অগ্রগতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জেডি ভ্যান্স বলেন, ইরানি প্রতিপক্ষের সঙ্গে অন্তত এক বা দুইদিন জোরালো আলোচনা হতে পারে। লেবাননে যুদ্ধবিরতির ভঙ্গুরতা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ এবং চুক্তিটি কার্যকর করতে করণীয় বিষয়গুলোর পাশাপাশি ইরানের পরমাণু অস্ত্রের আকাঙ্ক্ষা নসাৎ করার দিকেও ওয়াশিংটন মনোনিবেশ করবে। তবে ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচি এর আওতাভুক্ত নয় বলে তিনি স্পষ্ট করেন। তিনি আরও বলেন, সমঝোতা স্মারকের মাধ্যমে নির্ধারিত ৬০ দিনের মেয়াদে উভয় পক্ষ ঠিক কী অর্জন করতে চায়, তা সুনির্দিষ্টভাবে তুলে ধরার প্রথম সুযোগ এটি।

অন্যদিকে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বিবৃতিতে জানিয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার এই উচ্চপর্যায়ের আলোচনায় অংশ নিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসীম মুনির বুর্গেনস্টকের উদ্দেশে রওয়ানা হয়েছেন। এই আলোচনায় কাতারও অংশ নেবে বলে আশা করা হচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া সমঝোতা বাস্তবায়নে পাকিস্তান তার সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখবে।

সূত্র: আল-জাজিরা

জেডএম/