তরফরত্ন সৈয়দ আব্দুল্লাহর ওপর ‘আমার আব্বা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত
প্রকাশ: ২৮ জুন, ২০২৬, ১০:৫৮ দুপুর
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক-

বাংলা সাহিত্যের খ্যাতিমান ইতিহাস গবেষক, বরেণ্য লেখক ও ইসলামি চিন্তাবিদ মরহুম তরফরত্ন সৈয়দ আব্দুল্লাহর জীবন, সাহিত্যকর্ম ও চিন্তাধারার ওপর রচিত ‘আমার আব্বা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুন) বিকেল ৩টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিশিষ্ট লেখক, গবেষক, সাংবাদিক, আলেম, শিক্ষাবিদ ও সাহিত্যপ্রেমীরা অংশ নেন।

বিশিষ্ট লেখক ও গবেষক সৈয়দ আনোয়ার আব্দুল্লাহ রচিত ৫৬০ পৃষ্ঠার এই গ্রন্থটি প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা মরহুম তরফরত্ন সৈয়দ আব্দুল্লাহর সাহিত্য, ইতিহাস গবেষণা ও ইসলামী চিন্তাচর্চায় অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

আলোচকরা বলেন, ইতিহাস, সাহিত্য ও ইসলামী ভাবধারার বিভিন্ন বিষয়ে গবেষণাধর্মী রচনার মাধ্যমে সৈয়দ আব্দুল্লাহ বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে গবেষণার আলোকে তরফ বিজয়, আরাকানের মুসলমান, মুসলিম মনীষা, রক্তস্নাত পলাশী (তিন খণ্ড), সিলেটে মাদানী (রহ.) এবং মধ্যযুগের বাংলা সাহিত্য ও মহাকবি সৈয়দ সুলতান।

বক্তারা বলেন, ‘আমার আব্বা’ কেবল একজন পিতার জীবনী নয়; এটি একজন ইতিহাসবিদ, সাহিত্যিক ও ইসলামী চিন্তাবিদের জীবনসংগ্রাম, আদর্শ, গবেষণা ও কর্মের একটি মূল্যবান দলিল। বর্তমান সামাজিক অবক্ষয়ের সময়ে একজন সন্তান তাঁর পিতার জীবন ও কর্মকে ৫৬০ পৃষ্ঠার একটি গবেষণাধর্মী গ্রন্থে তুলে ধরেছেন, যা বাংলা সাহিত্যে এক বিরল দৃষ্টান্ত। নতুন প্রজন্মের জন্য বইটি অনুপ্রেরণা ও দিকনির্দেশনার উৎস হিসেবে বিবেচিত হবে বলেও তারা মন্তব্য করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তরফরত্ন ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দীন চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন নাট্যকার ও কবি জালাল উদ্দীন রুমি।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি আবুল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও গবেষক এবং জিইউ ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সচিব আনোয়ার হোসেন চৌধুরী, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান সচিব জালাল আহমেদ, বাংলাদেশ ইমাম প্রশিক্ষণ একাডেমির পরিচালক মাওলানা শাহ নজরুল ইসলাম, জামিয়া ইকরা বাংলাদেশের প্রধান পরিচালক ও বিশিষ্ট গবেষক মাওলানা আরিফ উদ্দীন মারুফ, দৈনিক দেশবার্তার সম্পাদক ও সাংবাদিক কাজী তোফায়েল আহমদ, মাছিহাতা দরবার শরীফের পীরজাদা সৈয়দ মুহাম্মাদ এহসান, মাসিক মদীনা-এর সম্পাদক আহমদ বদরুদ্দীন খান, বিশিষ্ট আইনজীবী ও ইসলামী চিন্তাবিদ অ্যাডভোকেট আব্দুল কদ্দুস বাদল, বাহুবল উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আযাদ, দৈনিক যুগান্তরের সহ-সম্পাদক তোফায়েল গাজ্জালী, বার্তা২৪-এর সহ-সম্পাদক মুফতি এনায়েতুল্লাহ, আল-আযহার ইনস্টিটিউটের অধ্যক্ষ মাওলানা মনজুরে মওলা, ইসলামী চিন্তাবিদ অধ্যাপক আব্দুল করিম, হেরার জ্যোতি সাহিত্য পত্রিকার সম্পাদক মাওলানা খালেদ সানাউল্লাহ, ঔপন্যাসিক শাহ মনসুর আহমদ সেলিমসহ দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের আয়োজন করে তরফরত্ন ফাউন্ডেশন। আয়োজকরা জানান, দেশের গুণীজনদের জীবন, কর্ম ও অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

জেডএম/