
|
তিন মাসে ওমরাহ পালন করেছেন দেড় কোটির বেশি মানুষ
প্রকাশ:
২৬ আগস্ট, ২০২৬, ১০:২২ দুপুর
নিউজ ডেস্ক |
আন্তর্জাতিক ডেস্ক চলতি বছরের প্রথম তিন মাসে (মহররম থেকে রবিউল আউয়াল) সৌদি আরবে ওমরাহ পালন করেছেন ১ কোটি ৫২ লাখের বেশি মুসল্লি। সৌদি আরবের সরকারি পরিসংখ্যান সংস্থা জেনারেল অথরিটি ফর স্ট্যাটিস্টিকস (জিএএসটিএটি) প্রকাশিত তথ্য থেকে এ চিত্র উঠে এসেছে। জিএএসটিএটির তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে মার্চ—এই তিন মাসে মোট ওমরাহ পালনকারীর সংখ্যা ১ কোটি ৫২ লাখের বেশি। তাদের মধ্যে প্রায় ৯৫ লাখ ছিলেন সৌদি আরবের অভ্যন্তরীণ ওমরাহযাত্রী। আর বিদেশ থেকে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গেছেন প্রায় ৫৮ লাখ মুসল্লি। এ সময়ে মদিনা মুনাওয়ারায়ও ছিল বিপুলসংখ্যক ওমরাহযাত্রীর উপস্থিতি। প্রথম তিন মাসে প্রায় ৫৭ লাখ মানুষ মদিনা সফর করেছেন। বিদেশি ওমরাহযাত্রীদের বড় একটি অংশ আকাশপথে সৌদি আরবে প্রবেশ করেছেন। সৌদি আরবের ভিশন-২০৩০-এর অন্যতম লক্ষ্য হলো বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত মুসল্লিদের জন্য ওমরাহ ব্যবস্থাপনাকে আরও সহজ, আধুনিক ও উন্নত করা। সাম্প্রতিক বছরগুলোতে ওমরাহ ভিসা ও যাতায়াতব্যবস্থায় বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়ানোর ফলে বিদেশি ওমরাহযাত্রীর সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জিএএসটিএটির সর্বশেষ পরিসংখ্যান সৌদি আরবে ওমরাহ পালনে মুসল্লিদের ক্রমবর্ধমান আগ্রহেরই প্রতিফলন বলে মনে করা হচ্ছে। সূত্র: ইসলামিক ইনফরমেশন আরএইচ/ |