
|
মহাকাশ বিজ্ঞান নিয়ে কাজ করেছে সরকার
প্রকাশ:
২৮ আগস্ট, ২০২৬, ০৭:৫৯ বিকাল
নিউজ ডেস্ক |
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন বলেছেন, বিজ্ঞানমনস্ক জাতি ও উদ্ভাবন-নির্ভর অর্থনীতি গড়ে তুলতে মহাকাশ বিজ্ঞান নিয়ে কাজ শুরু করেছে সরকার। শিক্ষার্থী, তরুণ উদ্ভাবক, গবেষকরা যেন নভোথিয়েটারে মহাকাশ বিজ্ঞান নিয়ে কাজ করতে পারে, আগামী প্রজন্ম যেন মহাকাশবিজ্ঞান নিয়ে উদ্ভাবনের ক্ষেত্রে আগ্রহী হয়; সেজন্য দ্রুত নভোথিয়েটার ভবনের নির্মাণকাজ সম্পন্ন করতে কাজ চলছে। শুক্রবার (২৮ আগস্ট) বিকালে রংপুর সদর উপজেলার উত্তম গংগাহরি এলাকায় নভোথিয়েটার ভবনের নির্মাণকাজ পরিদর্শন করে তিনি এ কথা বলেন। এ সময় তিনি গণপূর্ত অধিদপ্তরসহ নির্মাণকাজে সংশ্লিষ্ট ঠিকাদারদের যথাযথভাবে কাজ সম্পন্ন করতে তাগিদ দেন। তিনি বলেন, ‘আশা করছি, সংশ্লিষ্টরা সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে কাজ করবে। চলতি বছরের ডিসেম্বর মাসে নভোথিয়েটার ভবন নির্মাণের কাজ শেষ হবে।’ এ সময় তিনি নির্মাণাধীন ভবনের প্ল্যানেটরিয়াম, রাইড সিমুলেটর, ডিজিটাল প্রদর্শনীর গ্যালারিসহ বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন সচিব। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আল-আমিন, গণপূর্ত প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সাকিউল আলমসহ অন্যরা। এর আগে, রংপুর ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস- ইনমাসের অবকাঠামো ও সেবা কার্যক্রম পরিদর্শন করেন আনোয়ার হোসেন। এ সময় তিনি জনবল সংকট, পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতির অপ্রতুলতা দূরীকরণসহ প্রশিক্ষণ ও গবেষণা কার্যক্রম বৃদ্ধির মাধ্যমে ইনমাসের সেবার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। আইও/ |