
|
‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’
প্রকাশ:
২৯ আগস্ট, ২০২৬, ০৪:৩৯ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারের প্রথম ছয় মাসে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই। তিনি বলেন, কর্মসংস্থান, জননিরাপত্তা, বিদ্যুৎ, জ্বালানি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ—প্রায় সব ক্ষেত্রেই পরিস্থিতি আরও নাজুক হয়েছে। শনিবার (২৯ আগস্ট) রাজধানীর বিএমএ মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা প্রতিনিধি সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পীর সাহেব চরমোনাই বলেন, নির্বাচনের আগে বিএনপি নেতৃত্ব এক কোটি কর্মসংস্থান সৃষ্টি, মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং জননিরাপত্তা নিশ্চিত করার নানা প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সরকার গঠনের ছয় মাস পার হলেও এসব প্রতিশ্রুতির বাস্তবায়নের ন্যূনতম লক্ষণও দেখা যাচ্ছে না। তিনি বলেন, ‘বরং অধিকাংশ ক্ষেত্রে পরিস্থিতি আরও নাজুক হয়েছে। গত ছয় মাসে শুধু আরএমজি খাতেই প্রায় ২০ হাজার মানুষ বেকার হয়েছেন। প্রতিদিন গড়ে ১০ জন করে মানুষ খুন হচ্ছেন। লোডশেডিং মাত্রা ছাড়িয়েছে, জ্বালানি সংকটে দেশের স্থিতিশীলতা প্রশ্নের মুখে পড়েছে।’ সার্বিকভাবে সরকারের প্রথম ছয় মাসকে ব্যর্থতার সাক্ষ্য হিসেবে উল্লেখ করে তিনি বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে কাঙ্ক্ষিত মাত্রায় কার্যকর করতে পারেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে পীর সাহেব চরমোনাই বলেন, হত্যাকাণ্ডের পর পুলিশ আসামিদের গ্রেপ্তার করলেও অনেক ক্ষেত্রে বিচার হয় না। নিম্ন আদালতে রায় হলেও তা কার্যকর হয় না। ফলে আদালতের অন্দরে বিচার পথ হারাচ্ছে। তিনি বলেন, জনগণের প্রত্যাশা ছিল অপরাধ সংঘটনের আগেই পুলিশ সক্রিয় হবে এবং অপরাধীদের নিষ্ক্রিয় করা হবে। কিন্তু সেই প্রত্যাশা পূরণে সরকার ব্যর্থ হয়েছে। সরকারের প্রতি মানুষের নিরাপত্তা নিশ্চিত, লোডশেডিং কমানো, জ্বালানি সংকট সমাধান এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘অন্যথায় মানুষের ক্ষোভ সীমা স্পর্শ করতে পারে।’ সংস্কার প্রসঙ্গে ইসলামী আন্দোলনের আমির বলেন, দীর্ঘদিন ধরে তারা রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তার কথা বলে আসছেন। কিন্তু এ বিষয়ে সরকারের ভূমিকা হতাশাজনক। জুলাই সনদে রাষ্ট্রপতি নির্বাচনসংক্রান্ত বিষয়ে জাতীয় ঐকমত্য তৈরি হলেও সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনে সেই সর্বসম্মত বিষয় অনুসরণ করা হয়নি বলে তিনি অভিযোগ করেন। তিনি আরও বলেন, সাংবিধানিক সুযোগ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর দুর্বলতার সুযোগ নিয়েই দেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। তাই জুলাই সনদের আলোকে রাষ্ট্র সংস্কার করে স্বৈরতন্ত্রের চিরস্থায়ী বিলোপ নিশ্চিত করতে হবে। সরকারকে সতর্ক করে পীর সাহেব চরমোনাই বলেন, ‘যদি সরকার সংস্কার না করে, তাহলে যে ভয়াবহ পরিণতির আশঙ্কা তৈরি হবে, তার দায় এই সরকারকে নিতে হবে।’ আইও/ |