হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি
প্রকাশ: ২৯ আগস্ট, ২০২৬, ০৬:৩২ বিকাল
নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

হাদিসবিষয়ক উচ্চশিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণার সুযোগ সম্প্রসারণে তুরস্কের ইস্তাম্বুলভিত্তিক দারুল হাদিস আল-আওয়ামিয়া (দারুল হাদিস গবেষণা কেন্দ্র) এবং ভারতের কলকাতার ওয়াহইয়াইন ফাউন্ডেশনের মধ্যে গুরুত্বপূর্ণ শিক্ষাবিষয়ক অংশীদারত্ব চুক্তি হয়েছে।

গত ২৭ আগস্ট ২০২৬ (১৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি) মালয়েশিয়ার কুয়ালালামপুরে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এতে দারুল হাদিস আল-আওয়ামিয়ার বোর্ড চেয়ারম্যান শায়খ ড. মুহিউদ্দিন বিন মুহাম্মদ আওয়ামাহ এবং ওয়াহইয়াইন ফাউন্ডেশনের আমির মুফতি শামায়েল নদভী স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় দুই প্রতিষ্ঠানের মধ্যে যৌথ শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা, শিক্ষা ও গবেষণার অভিজ্ঞতা বিনিময় এবং শিক্ষাক্রম প্রণয়ন ও উন্নয়নে কাজ করা হবে। পাশাপাশি মেধাবী শিক্ষক, আলেম ও শিক্ষার্থীদের হাদিস ও হাদিসবিষয়ক জ্ঞানচর্চায় উচ্চতর বিশেষায়ন ও দক্ষতা অর্জনের জন্য দারুল হাদিস আল-আওয়ামিয়ায় শিক্ষামূলক প্রতিনিধিদলের মাধ্যমে পাঠানোর কার্যক্রম শুরু হবে।

মুফতি শামায়েল নদভী তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানিয়েছেন।

প্রখ্যাত মুহাদ্দিস শায়খ মুহাম্মদ আওয়ামাহর তত্ত্বাবধানে দারুল হাদিস আল-আওয়ামিয়া বিভিন্ন শিক্ষামূলক ও গবেষণামূলক কার্যক্রম পরিচালনা করছে। মুফতি শামায়েল নদভীর দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি বিশ্বের ২৫০টিরও বেশি বিশ্ববিদ্যালয় ও ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানকে শিক্ষা ও গবেষণায় দিকনির্দেশনা এবং সহযোগিতা দিয়ে আসছে।

চুক্তিটির অন্যতম বিশেষ দিক হলো, ওয়াহইয়াইন ফাউন্ডেশন ভারতের প্রথম শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে দারুল হাদিস আল-আওয়ামিয়ার সঙ্গে এ ধরনের শিক্ষাবিষয়ক অংশীদারত্বের সুযোগ পেল।

মুফতি শামায়েল নদভী বলেন, এ অংশীদারত্বের মূল লক্ষ্য হলো ওয়াহইয়াইন ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত আলেম, শিক্ষক ও শিক্ষার্থীদের হাদিসবিষয়ক উচ্চতর জ্ঞান, বিশেষায়িত দক্ষতা এবং আন্তর্জাতিক পর্যায়ের শিক্ষাগত অভিজ্ঞতায় সমৃদ্ধ করা। এর মাধ্যমে ভবিষ্যতে তারা মুসলিম বিশ্বের জ্ঞানচর্চায় অবদান রাখার পাশাপাশি ইসলামী শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন বলে আশা করা হচ্ছে।

আইও/