খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ
প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৬, ০৬:০৪ বিকাল
নিউজ ডেস্ক

নুরুল কবির আরমান, খাগড়াছড়ি প্রতিনিধি

পার্বত্য জেলা খাগড়াছড়ির শিক্ষা, স্বাস্থ্য ও আর্থসামাজিক রূপান্তরের অঙ্গীকার নিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদ।

রোববার (৩০ আগস্ট) সকালে জেলা পরিষদের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যানসহ ১৪ জন সদস্য তাঁদের আনুষ্ঠানিকভাবে কার্যভার গ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতেই নবগঠিত এই পরিষদকে জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে পুষ্পস্তবক দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

দায়িত্ব গ্রহণ পরবর্তী সংক্ষিপ্ত সভায় নবনিযুক্ত চেয়ারম্যান তাঁর বক্তব্যে বলেন, "আমাদের এই পরিষদ হবে সম্পূর্ণ গণমুখী, স্বচ্ছ ও জনবান্ধব। পাহাড়ের সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে এবং শিক্ষা, স্বাস্থ্য ও সার্বিক আর্থসামাজিক ক্ষেত্রকে সমৃদ্ধ করতে আমরা সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।"

পরিষদের নবনিযুক্ত সদস্য মো. নুরুল আবছার জনগণের প্রত্যাশা পূরণের অঙ্গীকার ব্যক্ত করে বলেন, "দীর্ঘদিন ধরে জেলা পরিষদের সেবা ও প্রশাসনিক প্রক্রিয়ায় সাধারণ মানুষের যে বড় প্রত্যাশা তৈরি হয়েছে, তা পূরণে আমরা বদ্ধপরিকর। প্রতিটি কাজের স্বচ্ছতা ও কড়া জবাবদিহি নিশ্চিতের মাধ্যমে জনগণের দোরগোড়ায় পরিষদের সকল সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য।"

১১তম অন্তর্বর্তীকালীন পরিষদে অন্তর্ভুক্ত হওয়া অন্য সদস্যবৃন্দ হলেন—রিপল চাকমা, শান্তিপ্রিয় চাকমা, দেব রানী চাকমা, মো. নুরুল আবছার, মো. আব্দুল মালেক, মোশাররফ হোসেন, ক্ষেত্র মোহন রোয়াজা, খনি রঞ্জন ত্রিপুরা, নারায়ণ ত্রিপুরা, রুমেল মারমা, মংসাপ্রু চৌধুরী, ক্যরী মগ, তাছলিমা সিরাজ সিমা এবং কুহেলী দেওয়ান।

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভা শেষে খাগড়াছড়ি জেলার সার্বিক অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিতকরণ এবং পাহাড়ে বিদ্যমান শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে জেলার সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

আইও/