
|
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের
প্রকাশ:
৩০ আগস্ট, ২০২৬, ০৯:৩৫ রাত
নিউজ ডেস্ক |
সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর মিয়া (২১) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, এক সৌদি যুবক সড়কে কার রেসিং করার সময় তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রোববার (৩০ আগস্ট) দুপুরে জাহাঙ্গীরের ফুফা জায়েদুর রহমান সুমন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। নিহত জাহাঙ্গীর মিয়া ময়মনসিংহের গফরগাঁও উপজেলার যশরা ইউনিয়নের পালইকান্দা গ্রামের কুয়েতপ্রবাসী শাহজাহান মিয়ার ছেলে। পরিবার সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে উন্নত জীবিকার আশায় সৌদি আরবে যান জাহাঙ্গীর। তিনি জেদ্দার একটি কোম্পানিতে চাকরি করতেন। শনিবার রাত ১২টার দিকে অফিস থেকে বাসায় ফিরে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে স্থানীয় একটি দোকানে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। জায়েদুর রহমান সুমন বলেন, জেদ্দার এক যুবক কার রেসিং করার সময় জাহাঙ্গীরকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে সৌদি পুলিশ মরদেহ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালের হিমঘরে রাখে। জাহাঙ্গীর ১১ মাস বয়সী এক ছেলে সন্তানের জনক। তার স্ত্রী, তিন বোন ও এক ভাই রয়েছেন। বাবা বর্তমানে কুয়েতে কর্মরত। আইও/ |