
|
জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা
প্রকাশ:
০১ সেপ্টেম্বর, ২০২৬, ০২:০২ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত এ প্রতিযোগিতা ১৯৮০ সাল থেকে নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের স্কুল, আলিয়া ও কওমি মাদরাসার শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। প্রতিযোগিতায় কিরাআত, আজান, হামদ-নাত, কবিতা আবৃত্তি, ইসলামি জ্ঞান, উপস্থিত বক্তৃতা ও রচনা প্রতিযোগিতা—এই সাতটি বিষয়ে অংশগ্রহণের সুযোগ রয়েছে। প্রতিযোগীদের বয়স ও শ্রেণিভিত্তিক তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘ক’ গ্রুপে সপ্তম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীরা অংশ নিতে পারবে। ‘খ’ গ্রুপে অষ্টম থেকে দশম শ্রেণির ছাত্র এবং একই শ্রেণির ছাত্রীদের জন্য পৃথক প্রতিযোগিতার ব্যবস্থা রাখা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত ইসলামিক ফাউন্ডেশনের সব জেলা ও উপজেলা কার্যালয়ে নিবন্ধন করা যাবে। ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৬৪টি জেলা কার্যালয়ের মাধ্যমে জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা হবে ১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত ইসলামিক ফাউন্ডেশনের আটটি বিভাগীয় কার্যালয়ে। জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, আগারগাঁওয়ে ১ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৭-এর মধ্যে অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য সময়সূচি নির্ধারণ করা হয়েছে। জাতীয় পর্যায়ে বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। তিনটি চ্যাম্পিয়ন পুরস্কার হিসেবে চার আনা ওজনের স্বর্ণপদক দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একজন প্রতিযোগী সর্বোচ্চ তিনটি বিষয়ে অংশগ্রহণ করতে পারবে। অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের সংশ্লিষ্ট ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা বা জেলা কার্যালয়ে যোগাযোগ করে নাম নিবন্ধন করতে হবে। নিবন্ধনের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের প্রত্যয়ন, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং জন্মসনদের ফটোকপিসহ সাদা কাগজে লিখিত দরখাস্ত সংশ্লিষ্ট জেলা বা উপজেলা কার্যালয়ে জমা দিতে হবে। এমএন/ |