আলিমে অনলাইন ভর্তি নিয়ে সতর্ক করল মাদরাসা শিক্ষা বোর্ড
প্রকাশ: ০১ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৪৩ দুপুর
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

২০২৬-২৭ শিক্ষাবর্ষে আলিম ও একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। এরই মধ্যে শিক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক করে বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।

বোর্ড জানিয়েছে, একটি প্রতারক চক্র দাখিল পাস করা শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করে তাদের অনুমতি ছাড়াই অনলাইনে ভর্তির আবেদন করছে। এ ধরনের প্রতারণা থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামানের সই করা সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আলিম একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তি কার্যক্রম ২ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। এ সুযোগকে কাজে লাগিয়ে কিছু প্রতারক চক্র সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে কৌশলে দাখিল পাসের তথ্য সংগ্রহ করছে। পরে শিক্ষার্থীর অনুমতি ছাড়াই এসব তথ্য ব্যবহার করে অনলাইনে ভর্তির আবেদন করা হচ্ছে।

এ অবস্থায় শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে প্রতারক চক্রের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড।

বোর্ডের পক্ষ থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের নিজেদের সচল মোবাইল নম্বর ব্যবহার করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে। এতে ভর্তি-সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য ও বার্তা সরাসরি শিক্ষার্থী বা অভিভাবকের কাছে পৌঁছানো সম্ভব হবে।

বিজ্ঞপ্তিতে আরও সতর্ক করে বলা হয়েছে, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের প্রতারণার অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

একই সঙ্গে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে ওই প্রতিষ্ঠানের প্যানেল বা সার্ভার বন্ধ করে দেওয়ার পাশাপাশি পাঠদানও স্থগিত করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।

তাই অনলাইনে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যক্তিগত তথ্য অন্যের কাছে না দেওয়ার এবং নিজের মোবাইল নম্বর ব্যবহার করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানিয়েছে বোর্ড।

আইও/