ছাত্রীদের ফিঙ্গার প্রিন্টে নির্ধারিত ডিভাইস ব্যবহারের নির্দেশনা আল-হাইআতুল উলয়ার
প্রকাশ: ০১ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:০০ বিকাল
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

১৪৪৮ হিজরি/২০২৭ সনের দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষার নিবন্ধনে ছাত্রী পরীক্ষার্থীদের ফিঙ্গারপ্রিন্ট গ্রহণে নির্ধারিত ZKTeco SLK20R Biometric Fingerprint Scanner ব্যবহারের নির্দেশনা দিয়েছে আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ।

তবে বাজারে ডিভাইসটির সাময়িক সংকট থাকায় যেসব মাদরাসা এখনো এটি সংগ্রহ করতে পারেনি, তারা নির্ধারিত ডিভাইস সংগ্রহ করা অন্য মাদরাসার সহযোগিতায় ছাত্রীদের ফিঙ্গারপ্রিন্ট গ্রহণ করতে পারবে বলে জানিয়েছে আল-হাইআতুল উলয়া।

গত ৪ জুলাই ২০২৬ অনুষ্ঠিত আল-হাইআতুল উলয়ার স্থায়ী কমিটির ৬৮তম সভায় ১৪৪৮ হিজরি/২০২৭ সনের দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সময় ছাত্রী পরীক্ষার্থীদের ফিঙ্গারপ্রিন্ট গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। পরীক্ষার্থী শনাক্তকরণ প্রক্রিয়াকে আরও নির্ভুল, নিরাপদ ও আধুনিক করতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আল-হাইআতুল উলয়া জানায়, ফিঙ্গারপ্রিন্ট গ্রহণের জন্য IP Based বা Standalone ডিভাইসের পরিবর্তে USB Fingerprint Reader ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সহজ ব্যবহার, কম কারিগরি জটিলতা, বহনযোগ্যতা, অতিরিক্ত অবকাঠামোর প্রয়োজন না হওয়া এবং HEMS-এর সঙ্গে সমন্বয়ের বিষয় বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়। USB ডিভাইস কম্পিউটার বা ল্যাপটপে সংযুক্ত করে ব্যবহার করা যায় এবং এর জন্য আলাদা IP Address বা নেটওয়ার্ক কনফিগারেশনের প্রয়োজন হয় না।

ডিভাইস নির্বাচনের ক্ষেত্রে শুধু ব্র্যান্ড নয়, HEMS-এর সঙ্গে সফটওয়্যার ইন্টিগ্রেশন, SDK ও Driver Support, সেন্সরের কার্যকারিতা, নির্ভরযোগ্যতা, স্থানীয় বাজারে প্রাপ্যতা এবং ব্যয়ের বিষয়ও বিবেচনা করা হয়েছে। এসব বিবেচনায় ZKTeco SLK20R মডেলটি নির্ধারণ করা হয়েছে।

বর্তমানে দেশের বিভিন্ন স্থানে নির্ধারিত ডিভাইসটির প্রাপ্যতা কম থাকায় কয়েকটি মাদরাসা থেকে বিষয়টি জানানো হয়েছে। আল-হাইআতুল উলয়া জানিয়েছে, কোনো নির্দিষ্ট দোকান, ব্যবসায়ী বা বিক্রেতাকে ডিভাইস সরবরাহের জন্য প্রতিষ্ঠানটি নির্ধারণ করেনি। বিপুলসংখ্যক মহিলা মাদরাসার একসঙ্গে ডিভাইস সংগ্রহের প্রয়োজন হওয়ায় চাহিদার তুলনায় সরবরাহ কমে গিয়ে সাময়িক এ সংকট তৈরি হয়েছে।

বাজারে অন্যান্য ব্র্যান্ডের USB Fingerprint Device পাওয়া গেলেও সেগুলোর Driver, SDK, Sensor Technology, Fingerprint Processing Algorithm এবং Fingerprint Template Generation ও Matching পদ্ধতিতে পার্থক্য থাকতে পারে। ফলে HEMS-এর সঙ্গে পরীক্ষিত ও সমন্বিত ডিভাইসের পরিবর্তে অন্য মডেল ব্যবহার করলে সফটওয়্যার ইন্টিগ্রেশন ও ফিঙ্গারপ্রিন্ট ডাটার সামঞ্জস্যে কারিগরি জটিলতা তৈরি হতে পারে।

এ কারণে মাদরাসাগুলোকে নিজ উদ্যোগে অন্য কোনো মডেল বা ব্র্যান্ডের ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস না কেনার পরামর্শ দিয়েছে আল-হাইআতুল উলয়া।

যেসব মহিলা মাদরাসা ইতোমধ্যে নির্ধারিত ডিভাইস সংগ্রহ করেছে, তাদের সহযোগিতা নিয়ে একই জেলার ডিভাইস সংগ্রহ করতে না পারা মাদরাসাগুলো ছাত্রী পরীক্ষার্থীদের ফিঙ্গারপ্রিন্ট গ্রহণ করতে পারবে।

এ জন্য প্রতি জেলার ডিভাইস সংগ্রহ করা মাদরাসাগুলোর তালিকা মাদরাসা অ্যাডমিনদের দেওয়া হয়েছে বলে জানিয়েছে আল-হাইআতুল উলয়া।

নিবন্ধন কার্যক্রম যাতে ডিভাইস সংকটের কারণে বাধাগ্রস্ত না হয়, সে জন্য সংশ্লিষ্ট মাদরাসাগুলোকে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে ফিঙ্গারপ্রিন্ট গ্রহণের কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

আইও/