৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন
প্রকাশ: ০১ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৫২ বিকাল
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

কাউকে কাফের বা মুরতাদ আখ্যায়িত করার ক্ষেত্রে সতর্কতা ও শরিয়াহসম্মত নীতিমালা নিয়ে রচিত গবেষণামূলক গ্রন্থ ‘খুতুরাতুত তাকফির’-এর মোড়ক উন্মোচন ও একাডেমিক আলোচনা সভা অনুষ্ঠিত হবে আগামী ৫ সেপ্টেম্বর।

আগমী শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় জামিআ ইকরা বাংলাদেশ-এর মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলাদেশের বিশিষ্ট আলেম শায়খ আরীফ উদ্দীন মারুফ রচিত ‘خطورة التكفير في ضوء القرآن والحديث’ (খুতুরাতুত তাকফির) গ্রন্থটি আরব বিশ্বের ঐতিহ্যবাহী প্রকাশনা সংস্থা দারুল কুতুব আল-ইলমিয়্যাহ (ডিকেআই), বৈরুত, লেবানন থেকে প্রকাশিত হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘কাউকে কাফের আখ্যায়িত করা: সতর্কতা ও নীতিমালা’ শীর্ষক এ গ্রন্থে কোরআন-হাদিসের আলোকে তাকফিরের ভয়াবহতা, এর ক্ষেত্রে প্রয়োজনীয় সতর্কতা এবং শরিয়াহসম্মত নীতিমালা নিয়ে গবেষণাধর্মী আলোচনা করা হয়েছে।

গ্রন্থটির গুরুত্ব আরও বাড়িয়েছে মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড মুফতি ড. নাযির মুহাম্মদ আইয়াদ এবং দারুল উলুম দেওবন্দের মুফতি ও মুহাদ্দিস, বিশিষ্ট গ্রন্থকার শায়খ মুহাম্মদ সালমান মানসুরপুরীর দেওয়া ভূমিকা ও তাকরিজ। এছাড়া মক্কার খতিব আল্লামা ড. শায়খ সালেহ বিন হুমাইদ, উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আলী বারুম, জাতীয় খতিব শায়খ মো. আব্দুল মালেক এবং ড. মুফতি আব্দুর রহমান কাউসার বিন আশিক ইলাহী গ্রন্থটি পর্যালোচনা করেছেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

শায়খ আরীফ উদ্দীন মারুফের এটি আরব বিশ্বের বিভিন্ন খ্যাতনামা লাইব্রেরি ও প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত ষষ্ঠ গবেষণাগ্রন্থ। তাঁর আরও কয়েকটি গবেষণাকর্ম বর্তমানে চলমান রয়েছে।

আয়োজকরা জানান, কোরআন ও হাদিসের আলোকে তাকফীরের বিধান, সীমারেখা ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত জানার জন্য গ্রন্থটি তাখাসসুস ফিল ইফতার শিক্ষার্থীসহ আলেম ও গবেষকদের জন্য সহায়ক হতে পারে। বিশেষ করে ফতোয়া প্রদানের ক্ষেত্রে দায়িত্বশীলতা ও সতর্কতার বিষয়ে এটি গুরুত্বপূর্ণ একটি গবেষণাকর্ম হিসেবে ভূমিকা রাখবে বলে তারা আশা করছেন।

অনুষ্ঠানে দারুল উলুম দেওবন্দের মুফতি ও মুহাদ্দিস শায়খ মুহাম্মদ সালমান মানসুরপুরীসহ দেশের বিশিষ্ট মুফতি, আলেম ও উলামায়ে কেরাম উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে গ্রন্থটির বিভিন্ন দিক নিয়ে একাডেমিক আলোচনা ও পর্যালোচনা অনুষ্ঠিত হবে।

আইও/