এবার ময়মনসিংহ বিভাগের ইমাম-খতিবদের জন্য আস-সুন্নাহর বিশেষ প্রশিক্ষণ
প্রকাশ: ০২ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:১৫ বিকাল
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

মসজিদের ইমাম-খতিবদের দাওয়াহ কার্যক্রমে আরও দক্ষ করে তুলতে এবার ময়মনসিংহ বিভাগের চার জেলার নির্বাচিত ইমাম-খতিবদের জন্য বিশেষ প্রশিক্ষণের আয়োজন করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।

আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। এতে লিডারশিপ, পাবলিক স্পিকিং, টাইম ম্যানেজমেন্ট, ফ্যাক্ট চেকিংসহ দাওয়াহ ও সামাজিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ প্রায় ২০টি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

এর আগে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের ইমাম-খতিবদের জন্য এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য বিভাগের ইমাম-খতিবদেরও বিভাগভিত্তিক প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান।

প্রশিক্ষণে আদর্শ ইমামের বৈশিষ্ট্য ও গুণাবলি, লিডারশিপ ও ব্যক্তিগত উন্নয়ন, দাওয়াহ ও মনস্তত্ত্ব, আবেগীয় বুদ্ধিমত্তা, মসজিদকে কার্যকর ও উৎপাদনশীল করার কৌশল, দাওয়াহর ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও তথ্য যাচাই, ইসলামি চিন্তাধারা ও সমকালীন মতবাদ, পাবলিক স্পিকিং, কার্যকর যোগাযোগ ও কমিউনিটি ডেভেলপমেন্ট এবং সময় ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

এ ছাড়া সাইন্টিজম ও ইসলাম-বিজ্ঞানের সম্পর্ক, এলজিবিটিকিউ ও জেন্ডার বিষয়ে সমকালীন বিতর্ক, সংশয়বাদ ও নাস্তিক্যবাদ মোকাবেলার উপায়, প্যারেন্টিং, দৈনন্দিন শরীরচর্চা এবং প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যার মতো বিষয়ও প্রশিক্ষণের অন্তর্ভুক্ত রয়েছে।

আস-সুন্নাহ ফাউন্ডেশনের এ প্রশিক্ষণে বর্তমানে ময়মনসিংহ বিভাগে কর্মরত ইমাম-খতিবরা আবেদন করতে পারবেন। আবেদনকারীর দাওরায়ে হাদিস, ফাজিল-কামিল অথবা ইসলাম কিংবা আরবি বিষয়ে অনার্স/মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।

নির্ধারিত গুগল ফর্মের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনকারীদের পরীক্ষার ফলাফল, অভিজ্ঞতা, দাওয়াহ ও সামাজিক কাজে সম্পৃক্ততাসহ বিভিন্ন বিষয় বিবেচনা করে প্রশিক্ষণার্থীদের চূড়ান্ত তালিকা করা হবে। নির্বাচিতদের ফোনে জানানো হবে এবং শুধু নির্বাচিতরাই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন।

নির্বাচিতদের প্রশিক্ষণের দিন জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সর্বশেষ পরীক্ষার সনদপত্র বা নম্বরপত্র এবং সংশ্লিষ্ট মসজিদের সিল ও স্বাক্ষরযুক্ত প্রত্যয়নপত্র সঙ্গে আনতে হবে।

২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। আবেদনের শেষ সময়: ১৪ সেপ্টেম্বর (সোমবার)।

আয়োজকরা জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে ইমাম-খতিবদের দাওয়াহ কার্যক্রমে দক্ষতা বাড়ানোর পাশাপাশি বিভিন্ন এলাকার ইমামদের মধ্যে পারস্পরিক পরিচিতি ও হৃদ্যতা গড়ে উঠবে।

প্রশিক্ষণে অংশ নিতে আগ্রহীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

আইও/