ইসলামি বইমেলার স্টল বরাদ্দের লটারি অনুষ্ঠিত
প্রকাশ: ০২ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৪০ রাত
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

ইসলামি বইমেলা ২০২৬-এ অংশগ্রহণকারী প্রকাশনীগুলোর স্টল বরাদ্দের লটারি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত এ লটারির মাধ্যমে মেলায় অংশ নেওয়া প্রতিটি প্রকাশনীর স্টল নম্বর নির্ধারণ করা হয়।

আয়োজকরা জানিয়েছেন, লটারির মাধ্যমে স্টল বরাদ্দের প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় এখন মেলার প্রস্তুতি আরও এগিয়ে গেল। প্রকাশনীগুলো নির্ধারিত স্টল নম্বর অনুযায়ী মেলায় অংশ নেবে।

এদিকে বহুল প্রতীক্ষিত ইসলামি বইমেলা ২০২৬ আগামী ১০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। রাজধানীর বায়তুল মোকাররমের পূর্ব গেট সংলগ্ন এলাকায় পবিত্র রবিউল আউয়াল উপলক্ষে এ মেলার আয়োজন করা হচ্ছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের মেলায় প্রতিবারের তুলনায় বেশ কিছু নতুনত্ব থাকছে। মেলাকে আরও প্রাণবন্ত, সুন্দর ও পাঠকবান্ধব করতে নেওয়া হচ্ছে বিভিন্ন উদ্যোগ। ফলে এবারের আয়োজন আরও সমৃদ্ধ ও উপভোগ্য হবে বলে আশা করছেন তারা।

বই কেনাবেচার পাশাপাশি মেলায় বই নিয়ে আড্ডা ও মতবিনিময়ের সুযোগ থাকবে। একই সঙ্গে একে অন্যকে বই উপহার দেওয়া ও বই উপহার নেওয়ার মাধ্যমে পাঠাভ্যাস এবং জ্ঞানচর্চাকে উৎসাহিত করার উদ্যোগও থাকছে।

স্টল বরাদ্দের লটারি সম্পন্ন হওয়ায় অংশগ্রহণকারী প্রকাশনীগুলোর স্টল নম্বরও চূড়ান্ত হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে পাঠকদের নিজ নিজ পছন্দের প্রকাশনীর স্টল নম্বর জেনে মেলায় আসার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আইও/