
|
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩
প্রকাশ:
০৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৩ দুপুর
নিউজ ডেস্ক |
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ছাগলনাইয়ায় দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে পেছন থেকে একটি বাস ধাক্কা দেওয়ার পর লরিসহ তিন যানবাহনের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কাভার্ডভ্যানের চালক, হেলপার ও বাসের চালক রয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ছাগলনাইয়া থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে পুরাতন মুহুরীগঞ্জ দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে একটি কাভার্ডভ্যান দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন দিক থেকে আসা একটি বাস সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানের সঙ্গে বাস ও লরির সংঘর্ষ হয়। দুর্ঘটনায় তিনটি যানবাহনই ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলে হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে ফালিলপুর হাইওয়ে থানার মোবাইল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। স্থানীয়দের সহায়তায় তারা আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক কাভার্ডভ্যানের চালক, হেলপার এবং বাসের চালককে মৃত ঘোষণা করেন। আহত অপর ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত তিনজনের মরদেহ ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্তের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত তিনটি যানবাহন নিজেদের হেফাজতে নেয়। দুর্ঘটনার কারণে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ফালিলপুর হাইওয়ে থানার এসআই আবু নোমান জানান, মুহুরীগঞ্জ দৌলতপুর এলাকায় দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে পেছন থেকে একটি বাস ধাক্কা দেওয়ার ঘটনায় তিনজন নিহত ও একজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর তিনটি যানবাহনই হেফাজতে নেওয়া হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং কোন যানবাহনের চালকের কী ধরনের ভূমিকা ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এসএইচ/ |