‘রাজনৈতিক প্রতিহিংসা থেকেই আমিরে মজলিসকে নিয়ে অপপ্রচার’
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৫৩ দুপুর
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে আপত্তিকর ও কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনের সিলেট জেলা শাখা। একই সঙ্গে এ ধরনের বক্তব্য অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে অন্যথায় ‘ইতিহাস ক্ষমা করবে না’ বলে সতর্ক করেছেন জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ ইকবাল হুছাইন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সিলেট জেলা কার্যালয়ে বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা মুহাম্মদ ইকবাল হুছাইন বলেন, ‘আমীরে মজলিস আল্লামা মামুনুল হকের আকাশচুম্বী জনপ্রিয়তাই বর্তমানে একশ্রেণির মানুষের গাত্রদাহের কারণ হয়ে দাঁড়িয়েছে। আর এই হিংসাত্মক মনোভাব থেকেই তাকে নিয়ে অত্যন্ত আপত্তিকর ও কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘আপনার এহেন নোংরা বক্তব্য দেশের সচেতন জাতি কখনোই বরদাশত করবে না। তাই অনতিবিলম্বে আমীরে মজলিসকে নিয়ে দেওয়া আপত্তিকর বক্তব্য প্রত্যাহার করুন। অন্যথায় ইতিহাস ক্ষমা করবে না।’

মাওলানা ফখরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত নির্বাহী বৈঠকে জেলা সহ-সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম হাজিপুরী, মাওলানা আব্দুল খালিক, ক্বারী উবায়দুর রহমান ও ক্বাযী জুনায়েদ আহমদ; সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুতাসীম বিল্লাহ জালালি, মাওলানা আছাদুজ্জামান আছাদ ও হাফিজ মাওলানা আব্দুর রব; সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা শিহাবুল ইসলাম শিহাবসহ জেলা নির্বাহী পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ছাড়া বৈঠকে বায়তুলমাল সম্পাদক মাওলানা আফতাব উদ্দিন নূমানী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন, প্রচার সম্পাদক মাওলানা শহীদুর রহমান সুহেদ, সহ-সমাজকল্যাণ সম্পাদক মাওলানা জিয়া উদ্দিন, অফিস সম্পাদক মাওলানা হাবিবুর রহমান জাহান, সহ-অফিস সম্পাদক মাওলানা শাহ ফয়সল আমীন এবং জেলা নির্বাহী সদস্য মুফতি মাশুক আহমদ, ক্বারী ছাঈদ আহমদ, মাওলানা আবু বকর, মাওলানা নাজীম উদ্দীন হিলালী ও হাফিজ আব্দুল্লাহ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

বৈঠকে জেলা অফিস সম্পাদক মাওলানা হাবিবুর রহমান জাহানের পিতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করা হয়। এ উপলক্ষে জেলা নির্বাহী পরিষদের পক্ষ থেকে সর্বসম্মত শোক প্রস্তাব গ্রহণ করা হয়। পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এদিকে সিলেট জেলা শাখার দুই সদস্য সংগঠনের সর্বোচ্চ সাংগঠনিক স্তর ‘নকিব’-এ উন্নীত হওয়ায় বৈঠকে জেলা শাখার পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটিকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানানো হয়।

এসএইচ/