
|
চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন, ময়মনসিংহে ট্রেন চলাচলে বিঘ্ন
প্রকাশ:
০৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:০৯ বিকাল
নিউজ ডেস্ক |
ময়মনসিংহে চলন্ত অবস্থায় জামালপুর এক্সপ্রেস ট্রেনের বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রুটে প্রায় পৌনে এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা পৌনে ৩টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ভুয়াপুরগামী আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস ট্রেনটি নগরীর সুতিয়াখালি এলাকায় পৌঁছালে ইঞ্জিনের সঙ্গে থাকা ক ও খ বগি দুটি বিচ্ছিন্ন হয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন। তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ভুয়াপুরগামী আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস ট্রেনটি সুতিয়াখালি এলাকায় আসতেই ইঞ্জিনের সঙ্গে থাকা দুইটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। তিনি আরও বলেন, বিষয়টি টের পেয়ে চালক ট্রেনটি আবারও পেছনের দিকে নিয়ে যান। পরে ট্রেনের কর্মীরা সাড়ে ৩টার দিকে বিচ্ছিন্ন হওয়া বগি দুটি সংযুক্ত করেন। সংযুক্ত করার পর ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে যায়। এ ঘটনায় প্রায় পৌনে এক ঘণ্টা ওই রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে সাড়ে ৩টার দিকে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এসএইচ/ |