
|
‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’
প্রকাশ:
০৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:০৭ বিকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক মসজিদকে শুধু নামাজ আদায়ের স্থান হিসেবে নয়, বরং সমাজ পরিবর্তন ও জনকল্যাণের প্রাণকেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে বরিশাল বিভাগের ইমাম-খতিবদের নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘৫ম ইমাম প্রশিক্ষণ (বরিশাল বিভাগ) ২০২৬’-এ অংশ নিচ্ছেন বিভাগের নির্বাচিত ইমাম ও খতিবরা। শনিবার (৫ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া পাঁচ দিনের এ আবাসিক কর্মশালা চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। এতে ইমাম-খতিবদের ধর্মীয় জ্ঞানের পাশাপাশি নেতৃত্ব, মনস্তত্ত্ব, যোগাযোগ, সামাজিক সম্পৃক্ততা ও আধুনিক দাওয়াহ পদ্ধতিতে দক্ষ করে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। কর্মশালার অন্যতম আলোচ্য বিষয় হচ্ছে—‘মসজিদের ৫০ পরিবারের মানচিত্র’, ‘মসজিদের দরজা থেকে ঘরের দরজা’, ‘মসজিদের মাসিক কেপিআই’ এবং ‘১২ মাস, ১২ মিশন’। এসব ধারণার মাধ্যমে একজন ইমাম কীভাবে নিজ এলাকার পরিবারগুলোর সঙ্গে কার্যকর যোগাযোগ গড়ে তুলবেন, স্থানীয় একটি সমস্যা চিহ্নিত করে তা সমাধানে ভূমিকা রাখবেন এবং বছরজুড়ে পরিকল্পিতভাবে মসজিদকেন্দ্রিক কার্যক্রম পরিচালনা করবেন—তার একটি কর্মপদ্ধতির রূপরেখা তুলে ধরা হচ্ছে। আয়োজকদের মতে, মসজিদ শুধু একটি নিরেট কংক্রিটের স্থাপনা নয়; মানুষের জীবন ও সমাজের সঙ্গে এর গভীর সম্পর্ক রয়েছে। তাই ইমামদের প্রকৃত নেতৃত্বের ভূমিকায় নিয়ে এসে মসজিদকে আরও কার্যকর, জনসম্পৃক্ত ও উৎপাদনশীল করে তোলাই এ প্রশিক্ষণের অন্যতম উদ্দেশ্য। কর্মশালায় আদর্শ ইমামের বৈশিষ্ট্য, লিডারশিপ ও ব্যক্তিগত উন্নয়ন, দাওয়াহ ও মনস্তত্ত্ব, আবেগীয় বুদ্ধিমত্তা, পাবলিক স্পিকিং, কার্যকর যোগাযোগ, কমিউনিটি ডেভেলপমেন্ট ও সময় ব্যবস্থাপনার মতো বিষয় নিয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার, তথ্য যাচাই, সমকালীন ইসলামি চিন্তাধারা ও মতবাদ, সংশয়বাদ ও নাস্তিক্যবাদ মোকাবেলা, সাইন্টিজম ও ইসলামের সঙ্গে বিজ্ঞানের সম্পর্ক, এলজিবিটিকিউ ও জেন্ডার-সংক্রান্ত সমকালীন চ্যালেঞ্জ, প্যারেন্টিং, শরীরচর্চা ও প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যাও প্রশিক্ষণের অংশ। এ বিষয়ে কর্মশালায় উপস্থিত আয়োজকরা বলেন, নিজের উন্নয়ন, সমাজভাবনা ও উম্মাহর প্রতি দায়িত্ববোধ—এই তিনের সমন্বয়ে ইমামদের দক্ষ করে তোলাই প্রশিক্ষণের লক্ষ্য। এর মাধ্যমে দেশের মসজিদগুলো যেন স্থানীয় মানুষের সমস্যা সমাধান, নৈতিক উন্নয়ন ও সামাজিক পরিবর্তনের কার্যকর কেন্দ্র হয়ে ওঠে, সে লক্ষ্যেই ইমামদের প্রয়োজনীয় কৌশল ও পরিকল্পনা শেখানো হচ্ছে। এর আগে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগেও ইমাম-খতিবদের নিয়ে এ ধরনের প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে। ধারাবাহিকভাবে দেশের অন্যান্য বিভাগের ইমাম-খতিবদেরও বিভাগভিত্তিক প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান। পাঁচ দিনের এ আবাসিক কর্মশালা প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। এতে বরিশাল বিভাগের নির্বাচিত ইমাম-খতিবরা অংশ নিচ্ছেন। আইও/ |