
|
নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’
প্রকাশ:
০৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:২৮ রাত
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক নাতের সুর, মনোমুগ্ধকর পরিবেশ আর নবীপ্রেমের আবেগে অন্যরকম এক সন্ধ্যা কাটল ‘ইশকে নাবি মেহফিল’-এ। সীরাতকেন্দ্র আয়োজিত এ ব্যতিক্রমী অনুষ্ঠানে শিল্পীদের হৃদয়ছোঁয়া নাত পরিবেশনা উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করে রাখে পুরো সময়জুড়ে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ময়মনসিংহ নগরীর এরাবিয়ান নাইটস রেস্টুরেন্টের নান্দনিক আলো-আঁধারি ও আকর্ষণীয় পরিবেশে অনুষ্ঠিত হয় এ মেহফিল। নাতের সুরে পুরো আয়োজনজুড়ে তৈরি হয় আবেগঘন ও আধ্যাত্মিক এক আবহ। উপস্থিত নাশিদপ্রেমীরা এ আয়োজনকে নবিপ্রেমীদের হৃদয়ের তৃষ্ণা নিবারণের অনন্য উদ্যোগ হিসেবে অভিহিত করেন। আয়োজকদের মতে, প্রচলিত আয়োজনের বাইরে ‘ইশকে নাবি মেহফিল’-এর মাধ্যমে নবিপ্রেমীদের জন্য নতুন এক ধারার সূচনা হয়েছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন করার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত অতিথি ও শ্রোতারা। অনুষ্ঠানে নাত পরিবেশন করেন শিল্পী তাওহীদ জামিল, মাশকুর এলাহি ও শাদমান ইবনে শহীদসহ অন্যরা। শিল্পীদের প্রত্যেকের পরিবেশনা শ্রোতাদের প্রশংসা কুড়ায়। অনুষ্ঠানে উপস্থিত অনেক শ্রোতা পরিবার-পরিজনকে সঙ্গে নিয়ে আসতে না পারায় আফসোস প্রকাশ করেন। তাদের প্রত্যাশা, ভবিষ্যতে স্ত্রী-সন্তানসহ পরিবারের সদস্যদের অংশগ্রহণের সুযোগ থাকলে এ ধরনের আয়োজন আরও উপভোগ্য হয়ে উঠবে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুজ্জামান সরকার রুকন, ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মু. কামরুল ইসলাম মিলন, কামরুল আহসান এমরুল, ড. হাসানুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের নাশিদপ্রেমী ও সুধীজন। আয়োজন সফল করতে সীরাতকেন্দ্রের চেয়ারম্যান, কো-চেয়ারম্যান, পরিচালকসহ দায়িত্বশীলদের অক্লান্ত পরিশ্রমের প্রশংসা করেন সংশ্লিষ্টরা। তাদের আন্তরিক প্রচেষ্টায় সুন্দর ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে বলে জানান আয়োজকরা। আইও/ |