‘সর্বত্র শরিয়াহ প্রতিষ্ঠা ছাড়া কাঙ্ক্ষিত মুক্তি সম্ভব নয়’
প্রকাশ: ১০ জুলাই, ২০২৬, ০৮:৪৭ রাত
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি আহমদ আব্দুল জলিল বলেছেন, রাষ্ট্রের সর্বস্তরে শরীয়াহভিত্তিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে না পারলে দেশ কাঙ্ক্ষিত সুশাসন, ন্যায়বিচার ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করতে পারবে না।

শুক্রবার (১০ জুলাই) চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের মজলিসে শুরার বিশেষ বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ইতিহাসের দীর্ঘ পরিক্রমায় এ ভূখণ্ড বহুবার স্বাধীনতা অর্জন করেছে। সুশাসন ও অর্থনৈতিক সমৃদ্ধির প্রত্যাশায় মানুষ বারবার সংগ্রাম করেছে এবং রক্ত দিয়েছে। কিন্তু ভুল নীতিতে রাষ্ট্র পরিচালিত হওয়ায় জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। ফলে কাঙ্ক্ষিত সুশাসন ও সমৃদ্ধি অর্জিত হয়নি।

মুফতি আহমদ আব্দুল জলিল আরও বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থানের পরও জাতি একই ধরনের ভুলের পুনরাবৃত্তি করেছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য সর্বত্র শরীয়াহ প্রতিষ্ঠা করতে হবে এবং শরীয়াহভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় বিশ্বাসী ব্যক্তি ও দলকে রাজনৈতিকভাবে ক্ষমতায়িত করতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।

চুয়াডাঙ্গা জেলা শুরার বৈঠক জুমার আগে অনুষ্ঠিত হয়। সভায় ২০২৭-২০২৮ সেশনের জন্য হাসানুজ্জামান সজিবকে সভাপতি, তুষার ইমরান সরকারকে সহ-সভাপতি এবং মাওলানা জহুরুল ইসলামকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

এদিকে বিকেলে মেহেরপুর জেলা মজলিসে শুরার বিশেষ বৈঠকে রাশেদুল ইসলামকে আহ্বায়ক, অধ্যাপক খাদেমুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক এবং মাওলানা আরিফুল ইসলামকে সদস্য সচিব করে জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

আওয়ার ইসলাম/আইও