
|
বাবরের অর্থায়নে ওমরাহয় গেলেন বিএনপির ৪৭ নেতাকর্মী
প্রকাশ:
২৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৪৫ বিকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের ৪৭ নেতাকর্মীকে নিজস্ব অর্থায়নে পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবে পাঠিয়েছেন সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। ধর্মীয় অনুশাসনে নেতাকর্মীদের উদ্বুদ্ধ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত সহকারী। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৭ সদস্যের কাফেলাটি সৌদি আরবের উদ্দেশে যাত্রা করে। ওমরাহ পালন শেষে আগামী ৪ অক্টোবর তাদের দেশে ফেরার কথা রয়েছে। লুৎফুজ্জামান বাবর নিজে এই কাফেলার সঙ্গে যাননি। বাবরের ব্যক্তিগত সহকারী (পিএস) মির্জা মো. হায়দার আলী বলেন, বাবরের নিজস্ব অর্থায়নে নেত্রকোনা-৪ আসনের মোহনগঞ্জ উপজেলার ১৮ জন, মদন উপজেলার ১৭ জন ও খালিয়াজুরী উপজেলার ১১ জনকে ওমরাহ পালনের সুযোগ করে দেওয়া হয়েছে। তিনি নিজেও এই কাফেলার সঙ্গে রয়েছেন। তিনি বলেন, ‘এমপি মহোদয় চান এই আসনের নেতারা ধর্মীয় অনুশাসন মেনে চলুক। তাই তাঁর নিজস্ব অর্থায়নে ৪৭ জনকে পবিত্র ওমরাহ পালনের সুযোগ করে দেওয়া হয়েছে।’ ওমরাহ কাফেলায় মদন উপজেলা বিএনপির সভাপতি নূরে আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন ও সাধারণ সম্পাদক আব্দুল কাদিরসহ ১৭ জন রয়েছেন। মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ভিপি ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুলসহ ১৮ জন রয়েছেন। খালিয়াজুরী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান কেষ্টসহ ১১ জন এই দলে রয়েছেন। মোহনগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুল বলেন, লুৎফুজ্জামান বাবর নিজে ধর্মীয় অনুশাসন মেনে চলেন এবং নেতাকর্মীরাও যেন ধর্মীয় অনুশাসন মেনে চলেন, সে উদ্দেশ্যেই তাদের ওমরাহ পালনের জন্য পাঠানো হচ্ছে। তিনি বলেন, ‘আল্লাহ যেন তাঁর নিয়ত কবুল করেন এবং আমাদের ওমরাহ কবুল করেন। সঠিকভাবে ওমরাহ পালন শেষে ফিরে আমরাও যেন ন্যায়-নীতির পথে চলতে পারি।’ এসএইচ/ |