
|
কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার
প্রকাশ:
২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৮ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক দীনি শিক্ষার মানোন্নয়ন এবং কওমি মাদরাসা নিয়ে চলমান মিথ্যা প্রচারণা মোকাবিলায় করণীয় নির্ধারণের লক্ষ্যে ঢাকায় ‘মুহতামিম ও দায়িত্বশীল সম্মেলন’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। হাইআতুত্ত তালীম ওয়াত তারবিয়া লিল মাদারিসিল কওমিয়া, উত্তরা (বেফাক-সহযোগী উত্তরা আঞ্চলিক শিক্ষা বোর্ড)-এর উদ্যোগে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬, সোমবার সকাল ১০টায় রাজধানীর জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর, ঢাকায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাকিস্তানের কায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাআত আল্লামা মুহাম্মদ আহমাদ লুধিয়ানভী । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুন্নি উলামা কাউন্সিল, পাঞ্জাব, পাকিস্তানের সদর আল্লামা আশরাফ তাহের। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেবেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব শায়খুল হাদিস আল্লামা মাহফুজুল হক। এছাড়া আলোচনায় অংশ নেবেন জামিয়া ইসলামিয়া দারুল উলুম আকবর কমপ্লেক্স, মিরপুরের মুহতামিম ও প্রধান মুফতি শায়খুল হাদিস আল্লামা মুফতি দিলাওয়ার হোসাইন, জামিয়া এমদাদিয়া ফরিদাবাদের প্রধান মুফতি মুফতি আবু সাঈদ, জামিয়া রশিদিয়া ফেনীর মুহতামিম মুফতি শহীদুল্লাহ, দারুল উলুম চেরাগ আলী, টঙ্গীর মুহতামিম মুফতি মাসুদুল করিম, মাওলানা ড. লুৎফে রাব্বি আল-আমহারী এবং তালীমী বোর্ড উত্তরা ঢাকার সিনিয়র সহসভাপতি মুফতি মহিউদ্দিন মাসুম। সম্মেলনে সভাপতিত্ব করবেন তালীমী বোর্ড উত্তরা ঢাকার কার্যকরী প্রধান উপদেষ্টা হাফেজ মাওলানা নাজমুল হাসান কাসেমী। সার্বিক তত্ত্বাবধানে থাকবেন তালীমী বোর্ড উত্তরা ঢাকার চেয়ারম্যান মুফতি কিফায়াতুল্লাহ আল-আজহারী ও মহাসচিব মাওলানা আনিসুর রহমান। আয়োজকদের পক্ষ থেকে সংশ্লিষ্ট মাদরাসাগুলোর দায়িত্বশীল আসাতেযায়ে কেরাম—মুহতামিম, নায়েবে তালিমাত, নায়েবে দারুল ইকামাহ, হিফজ, নাজেরা ও নূরানি বিভাগের দায়িত্বশীল উস্তাদদের সম্মেলনে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে। আইও/ |