চট্টগ্রামে খালে পড়ে প্রাণ গেল মাদরাসাছাত্রের
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:২১ দুপুর
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় রাজখালী খালে পড়ে মুহাম্মদ মিনহাজ (১২) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খতিবনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিনহাজ ওই এলাকার মুহাম্মদ ইব্রাহিমের ছেলে। সে ইসলামপুর তৈয়্যবিয়া তাহেরিয়া ছত্তারিয়া সুন্নিয়া মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র ছিল।

স্থানীয়রা জানান, শনিবার সকালে মিনহাজ বাড়িতে সাইকেল রেখে এক বন্ধুর সঙ্গে বাইরে বের হয়। রাজখালী খালের পাড় দিয়ে যাওয়ার সময় হঠাৎ সে খালে পড়ে যায়। কিছুক্ষণ পর তার সঙ্গে থাকা বন্ধু পেছনে ফিরে মিনহাজকে পানিতে ডুবে যেতে দেখে চিৎকার শুরু করে। তার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে মিনহাজকে উদ্ধার করেন।

পরে তাকে রাঙ্গামাটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিবার ও মাদরাসা সূত্রে জানা গেছে, তিন দিন আগে অসুস্থ হয়ে পড়ায় চিকিৎসার জন্য মিনহাজকে হিফজ বিভাগ থেকে ছুটি নিয়ে বাড়িতে নিয়ে যান তার মা। শনিবার সকাল ১১টার দিকে তাকে আবার মাদ্রাসায় নিয়ে যাওয়ার কথা ছিল। এর আগেই সকালে বন্ধুর সঙ্গে বের হয়ে খালে পড়ে তার মৃত্যু হয়।

মিনহাজের মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করলে খবর পেয়ে রাঙ্গামাটি কোতোয়ালি থানা পুলিশ মরদেহ আটকে রাখে। পরে পরিবারের পক্ষ থেকে স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা রাঙ্গুনিয়া থানায় বিষয়টি জানান। খবর পেয়ে রাঙ্গুনিয়া থানা পুলিশ দুপুর ১টার দিকে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়।

আইও/