
|
বিএনপি নেতৃত্বের সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠছে: শায়খে চরমোনাই
প্রকাশ:
২৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:১৭ বিকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, সরকার গঠনের পর ছয় মাস পেরিয়ে গেলেও রাষ্ট্র পরিচালনার কোনো ক্ষেত্রেই বিএনপি নেতৃত্ব সাফল্য দেখাতে পারছে না। কোনো সংকট মোকাবিলা বা জনগণের সমস্যা সমাধানেও সরকার কার্যকর ভূমিকা রাখতে পারছে না বলে মন্তব্য করেছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশের ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের থানা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকার ভাটারা থানাধীন সাঈদনগরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ফয়জুল করীম বলেন, ‘রাষ্ট্র পরিচালনায় কোন একটা ক্ষেত্রেও বিএনপি নেতৃত্ব সাফল্য দেখাতে পারছে না, কোনো একটা সংকট মোকাবিলা করতে পারছে না, মানুষের কোনো সমস্যার সমাধান করতে পারছে না। বরং প্রায় প্রতিটি ক্ষেত্রেই পরিস্থিতি আরও খারাপ হয়েছে।’ তিনি বলেন, জ্বালানি সংকট তীব্র হয়েছে, বিদ্যুৎ সমস্যা মাত্রা ছাড়িয়েছে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস উঠেছে। একই সঙ্গে সন্ত্রাস ও চাঁদাবাজির পরিমাণ ও ব্যাপ্তি বেড়েছে বলেও দাবি করেন তিনি। বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধেও অভিযোগ তুলে ফয়জুল করীম বলেন, তাদের সন্ত্রাস, হানাহানি ও ‘মাস্তানিতে’ জনগণ অতিষ্ঠ। সার্বিক বিবেচনায় দল ও সরকার পরিচালনায় বিএনপি নেতৃত্বের সক্ষমতা ও দক্ষতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে বলে মন্তব্য করেন তিনি।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ পূর্ণ শক্তি নিয়ে লড়াই করবে। এ লক্ষ্যে নেতাকর্মীদের শরিয়াহ, সততা ও দক্ষতাকে সামনে রেখে নির্বাচনী প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেন তিনি। ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতারা বিভিন্ন সাংগঠনিক বিষয়ে নেতাকর্মীদের নির্দেশনা দেন। আইও/ |