
|
তালেবানের চার শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা
প্রকাশ:
০৬ অক্টোবর, ২০২৬, ০৭:৪৭ বিকাল
নিউজ ডেস্ক |
আন্তর্জাতিক ডেস্ক আফগানিস্তানের বর্তমান পরিস্থিতিতে তালেবানের চার শীর্ষ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা ও প্রধান বিচারপতি আবদুল হাকিম হাক্কানিসহ চার কর্মকর্তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এসব পরোয়ানা জারি করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ আদালত পরোয়ানাগুলো জনসম্মুখে প্রকাশ করে। আদালতের তথ্য অনুযায়ী, এর মধ্যে দুটি পরোয়ানা ২০২৫ সালের ৮ জুলাই এবং অপর দুটি একই বছরের ৯ সেপ্টেম্বর জারি করা হয়েছিল। পরোয়ানাভুক্ত অন্য দুই ব্যক্তি হলেন তালেবানের শিক্ষামন্ত্রী হাবিবুল্লাহ আগা এবং উচ্চশিক্ষামন্ত্রী নিদা মোহাম্মদ নাদিম। আইসিসির ভাষ্য অনুযায়ী, এসব ব্যক্তির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ হিসেবে ‘লিঙ্গভিত্তিক নিপীড়নে’ (জেন্ডার পারসিকিউশন) জড়িত থাকার বিষয়ে যুক্তিসংগত ভিত্তি রয়েছে। আদালতের অভিযোগ, তালেবানের নীতির কারণে আফগানিস্তানের নারী ও মেয়েরা শিক্ষা, চলাফেরার স্বাধীনতা, মতপ্রকাশ এবং ব্যক্তিগত ও পারিবারিক জীবনসহ বিভিন্ন মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। আদালত আরও বলেছে, কথিত নিপীড়নের আওতায় এমন ব্যক্তিদেরও লক্ষ্যবস্তু করা হয়েছে, যাদের তালেবানের লিঙ্গভিত্তিক নীতির বিরোধী অথবা নারী ও মেয়েদের অধিকার সমর্থনকারী হিসেবে বিবেচনা করা হয়েছে। আইসিসি জানিয়েছে, আফগানিস্তানে ২০২১ সালের ১৫ আগস্টের পর সংঘটিত হয়ে থাকতে পারে—এমন কথিত অপরাধ নিয়ে তাদের তদন্ত অব্যাহত রয়েছে। উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ আদালত রাষ্ট্রীয় আদালতের মতো নিজস্ব পুলিশ বাহিনী দিয়ে গ্রেপ্তার কার্যকর করতে পারে না। ফলে পরোয়ানা জারি হলেও অভিযুক্তদের গ্রেপ্তারে সদস্যরাষ্ট্রগুলোর সহযোগিতা প্রয়োজন হয়। সূত্র: ইউএনএ নিউজ এসএইচ/ |