বাদশাহর আমন্ত্রণে ওমরা করতে সৌদিতে ২৫০ অতিথি, আছেন বাংলাদেশিরাও
প্রকাশ: ১০ অক্টোবর, ২০২৬, ০৮:১৬ সকাল
নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের বিশেষ ওমরা ও জিয়ারত কর্মসূচির চতুর্থ ও শেষ দলের অতিথিরা মদিনায় পৌঁছেছেন। বাংলাদেশসহ ২১টি দেশের ২৫০ জন নারী-পুরুষ এ দলে রয়েছেন। সৌদি আরবে পৌঁছে দেশটির আতিথেয়তা, অভ্যর্থনা ও সার্বিক সেবার প্রশংসা করেছেন তাঁরা।

সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবের ইসলামবিষয়ক, দাওয়াহ ও নির্দেশনা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে কর্মসূচিটি পরিচালিত হচ্ছে। অতিথিদের নিজ নিজ দেশ থেকে যাত্রা শুরু করা, সৌদি আরবে পৌঁছানো, অভ্যর্থনা এবং আবাসনের ব্যবস্থা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সফরের প্রতিটি ধাপ সহজ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে প্রয়োজনীয় সেবাও নিশ্চিত করা হয়েছে।

চতুর্থ দলের ২১টি দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, কাজাখস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, আজারবাইজান, তুরস্ক, জর্জিয়া, রাশিয়া, ভুটান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভানুয়াতু, সলোমন দ্বীপপুঞ্জ ও ফিজি।

এ কর্মসূচির আওতায় চলতি বছর বিশ্বের ৬৫টি দেশের মোট এক হাজার ওমরাযাত্রীকে বাদশাহ সালমানের ব্যক্তিগত ব্যয়ে আতিথেয়তা দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। চতুর্থ দলের আগমনের মধ্য দিয়ে এ বছরের কর্মসূচির আওতায় অতিথিদের সৌদি আরবে পৌঁছানোর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

সফরসূচি অনুযায়ী, অতিথিরা মদিনায় মসজিদে নববীসহ বিভিন্ন ইসলামি ও ঐতিহাসিক স্থান জিয়ারত করবেন। এরপর মক্কায় গিয়ে ওমরা পালন করবেন। সৌদি আরবের ইসলামবিষয়ক, দাওয়াহ ও নির্দেশনা মন্ত্রী শেখ ড. আবদুল লতিফ বিন আবদুল আজিজ আল-শেখ কর্মসূচিটির সার্বিক তত্ত্বাবধান করছেন। অতিথিদের আগমন থেকে শুরু করে নিজ নিজ দেশে ফিরে যাওয়া পর্যন্ত বিভিন্ন সেবার ব্যবস্থাও পর্যবেক্ষণ করছে মন্ত্রণালয়।

সূত্র: সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)

আইও/