
|
বিশ্বমঞ্চে মারকাযু ফয়জিল কুরআনের আরেক সাফল্য
প্রকাশ:
১০ অক্টোবর, ২০২৬, ০৫:৩৩ বিকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক বিশ্বমঞ্চে পবিত্র কোরআন প্রতিযোগিতায় আবারও বিজয়ের মুকুট ছিনিয়ে আনলেন বাংলাদেশি হাফেজ। নাম—ইহতেশামুল হক হিরা। তিনি রাজধানীর মিরপুর-১-এ অবস্থিত মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর শিক্ষার্থী। গত ৬ অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত ও হিফজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন তিনি। বিশ্বের ৩৮টি দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে অর্জন করা তাঁর এই সাফল্যে আনন্দিত সবাই। শনিবার (১০ অক্টোবর) বর্ণাঢ্য সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মালয়েশিয়ার ধর্মবিষয়ক মন্ত্রী ড. জুলকিফলি হাসান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় দেশটির বিভিন্ন পর্যায়ের রাষ্ট্রীয় দায়িত্বশীল ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রথম স্থান অর্জনের স্বীকৃতিস্বরূপ হাফেজ হিরা পেয়েছেন ৪০ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত নগদ অর্থ, একটি সম্মাননা ট্রফি, ৫ হাজার রিঙ্গিত মূল্যের উমরা অথবা মুসলিম পর্যটন প্যাকেজ এবং ৩ হাজার রিঙ্গিত মূল্যের স্বর্ণের বার। এর আগে ৬ অক্টোবর প্রতিযোগিতার উদ্বোধন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। প্রতিযোগিতায় বিশ্বের শতাধিক দেশের প্রতিযোগী অংশ নেন। কয়েক ধাপে বাছাইয়ের পর চূড়ান্ত পর্বে ৩৮টি দেশের প্রতিযোগী হিফজুল কোরআন বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁদের মধ্যে প্রথম হয়ে হাফেজ হিরা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্বের স্বীকৃতি অর্জন করেন। আইও/এসএইচ |