
|
নবীজিকে অবমাননার সর্বোচ্চ শাস্তির বিধান চেয়ে আইন পাস করার দাবি
প্রকাশ:
১১ অক্টোবর, ২০২৬, ০৮:৫৮ সকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অবমাননার সর্বোচ্চ শাস্তির বিধান রেখে সংসদে আইন পাস করার দাবি জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান। তিনি বলেছেন, রাসুল (সা.)-এর শান-মান ও মর্যাদা রক্ষায় প্রয়োজনে রক্ত দিতে প্রস্তুত থাকতে হবে। কওমি মাদরাসা যত দিন থাকবে, তত দিন এ দেশের মাটিতে রাসূল (সা.)-কে নিয়ে কোনো কটূক্তি সহ্য করা হবে না। শনিবার (১০ অক্টোবর) বিকেলে ফেনী শহরের ঐতিহাসিক মিজান ময়দানে হেফাজতে ইসলাম আয়োজিত ‘শানে রিসালাত’ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাওলানা সাজিদুর রহমান বলেন, তারেক রহমান লন্ডন থেকে দেশে ফিরে ‘মদিনা সনদে দেশ চালানোর’ কথা বলেছিলেন। প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, রাসূল (সা.)-কে নিয়ে যারা কটূক্তি করবে, তাদের সর্বোচ্চ শাস্তির বিধান রেখে সংসদে আইন পাস করতে হবে। একই সঙ্গে খতমে নবুওয়াতের আকিদা অনুযায়ী মুহাম্মদ (সা.)-কে সর্বশেষ নবী হিসেবে স্বীকার করতে হবে। আহমদিয়া সম্প্রদায়কে নিষিদ্ধ এবং সংসদে বিল পাসের মাধ্যমে তাদের অমুসলিম সংখ্যালঘু ঘোষণারও দাবি জানান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকার হিজাব নিয়ে মন্তব্যের সমালোচনা করে হেফাজত মহাসচিব বলেন, তাঁকে শুধু কার্যক্রম থেকে বিরত রাখলে হবে না, স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে। ইসলামে নারীর মর্যাদা সর্বোচ্চ বলেও মন্তব্য করেন তিনি। এ ছাড়া দেশে ট্রান্সজেন্ডারবিষয়ক শিক্ষা চালু রাখার বিরোধিতা এবং ঈমান রক্ষার স্বার্থে হিজবুত তওহিদকে নিষিদ্ধ করার দাবি জানান। মাওলানা সাজিদুর রহমান আরও বলেন, ৯২ শতাংশ মুসলমানের দেশে নারীদের হাফপ্যান্ট পরে খেলাধুলা করতে দেওয়া উচিত নয়। ধর্মীয় বিষয়ে আইন প্রণয়নের ক্ষেত্রে আলেমদের সঙ্গে পরামর্শ করারও আহ্বান জানান তিনি। হেফাজতে ইসলাম ফেনী জেলা সভাপতি মাওলানা আফজালুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা ওমর ফারুক। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ওলামা বাজার মাদরাসার মুহতামিম মাওলানা নুরুল ইসলাম আদিব, হাটহাজারী মাদরাসার মহাপরিচালক মাওলানা খলিল আহমদ কোরাইশী এবং কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা মাহফুজুল হক। এ ছাড়া মধুপুরের পীর মাওলানা আব্দুল হামিদ, মুফতি মিজানুর রহমান সাঈদ, মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি সাখাওয়াত হোসাইন রাজী, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা আহমদ আল কাসেমী, মুফতি হারুন ইজহার চৌধুরী, মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী ও মুফতি কেফায়েত উল্লাহ আজহারীসহ বিভিন্ন পর্যায়ের আলেম বক্তব্য দেন। আইও/ |