
|
নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
প্রকাশ:
১১ অক্টোবর, ২০২৬, ০৯:৪২ সকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। সংগঠনটি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে। শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ ও সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ এ দাবি জানান। বিবৃতিতে নেতারা বলেন, প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা বাতিলের ঘটনায় চাকরিপ্রত্যাশীদের মধ্যে হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে। দীর্ঘদিন প্রস্তুতি নেওয়া এবং সময় ও অর্থ ব্যয় করে পরীক্ষায় অংশ নিতে আসা প্রার্থীদের স্বপ্ন ও প্রত্যাশা এ ঘটনায় মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। তারা বলেন, নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের মতো ঘটনা শুধু পরীক্ষার্থীদের সঙ্গে প্রতারণা নয়, বরং মেধা, যোগ্যতা ও ন্যায্য প্রতিযোগিতার ভিত্তিতে কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করার ব্যবস্থার ওপরও গুরুতর আঘাত। নিয়োগব্যবস্থা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে প্রশ্নবিদ্ধ হলে তরুণদের মধ্যে হতাশা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি আস্থাহীনতা তৈরি হওয়া স্বাভাবিক। বিবৃতিতে প্রশ্নফাঁসের অভিযোগের সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানানো হয়। একই সঙ্গে প্রশ্নপত্র প্রণয়ন, মুদ্রণ, সংরক্ষণ ও বিতরণ প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখে দুর্নীতিতে জড়িতদের শনাক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয়। নেতারা আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের অনিয়ম প্রতিরোধে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রের নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনায় কার্যকর সংস্কার আনতে হবে। তারা বলেন, চাকরি কোনো বিশেষ গোষ্ঠীর অনুগ্রহ নয়; বরং মেধা ও যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থানের সুযোগ পাওয়া তরুণদের অধিকার। তরুণদের শ্রম, মেধা ও স্বপ্ন নিয়ে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাশত করা হবে না। বিবৃতিতে প্রতিটি নিয়োগ পরীক্ষা স্বচ্ছ, নিরপেক্ষ ও জবাবদিহিমূলক করার দাবি জানিয়ে নেতারা বলেন, কোনো অনিয়মের শিকার না হয়ে যোগ্য প্রার্থীরা যেন নিজেদের মেধার যথাযথ মূল্যায়ন পান। তারা মেধার মূল্যায়ন এবং প্রশ্নফাঁস ও দুর্নীতিমুক্ত নিয়োগব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান। আইও/ |