আরও ৩০৫ নেগরান-মুমতাহিন নিয়োগ দেবে আল-হাইআতুল উলয়া
প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ দুপুর
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

১৪৪৮ হিজরি/২০২৭ সালের দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আরও ৩০৫ জন সহকারী নেগরান ও মুমতাহিন নিয়োগ দেবে আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ। এর মধ্যে ২৫০ জন সহকারী নেগরান এবং ৫৫ জন মুমতাহিন রয়েছেন। এ জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে সংস্থাটি। ইতোমধ্যে যারা আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করতে হবে না।

মঙ্গলবার (১৩ অক্টোবর)  চেয়ারম্যানের আদেশক্রমে প্রতিষ্ঠানটির অফিস ব্যবস্থাপক ও ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মু. অছিউর রহমান এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সহকারী নেগরান পদে আবেদনের জন্য প্রার্থীকে দাওরায়ে হাদীস (তাকমীল) শ্রেণির বর্তমান শিক্ষক হতে হবে। পাশাপাশি দাওরায়ে হাদীসের কিতাব পাঠদানে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পরীক্ষার হল পরিচালনায় দক্ষতা, প্রধান নেগরানের নির্দেশনা অনুসরণ এবং পরীক্ষা-সংক্রান্ত গোপনীয়তা ও আমানতদারি রক্ষার সক্ষমতা থাকতে হবে। এ ছাড়া আল-হাইআতুল উলয়ার আয়োজিত কর্মশালা ও মতবিনিময় সভায় অংশগ্রহণে সম্মত হতে হবে।

অন্যদিকে, মুমতাহিন পদে আবেদনের জন্য দাওরায়ে হাদীস শ্রেণির বর্তমান শিক্ষক হওয়া এবং এ স্তরের কোনো কিতাব পাঠদানে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। পাশাপাশি দাওরায়ে হাদীস অথবা ফযিলত স্তরের কেন্দ্রীয় পরীক্ষায় গুরুত্বপূর্ণ কিতাবের উত্তরপত্র অন্তত দুই বছর মূল্যায়নের অভিজ্ঞতা থাকতে হবে। সংশ্লিষ্ট কিতাব ও বিষয়ে উচ্চমানের দক্ষতা এবং গভীর অনুধাবনের পাশাপাশি আল-হাইআতুল উলয়ার স্থায়ী কমিটি নির্ধারিত স্থানে উপস্থিত হয়ে উত্তরপত্র মূল্যায়নে প্রস্তুত থাকতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্ভাব্য ৪ ফেব্রুয়ারি ২০২৭ থেকে উত্তরপত্র মূল্যায়ন শুরু হবে। এ কার্যক্রম প্রায় ১০ থেকে ১২ দিন চলতে পারে। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মূল্যায়ন কার্যক্রম চলবে। প্রত্যেক মুমতাহিনকে সাধারণত ৩০০ থেকে ৪০০টি উত্তরপত্র দেওয়া হতে পারে। তবে পরিস্থিতি অনুযায়ী এ সংখ্যা কমবেশি হবে। বোর্ডের পরীক্ষক হলে উত্তরপত্রের সংখ্যা তুলনামূলক কম হতে পারে।

মুমতাহিনদের নিজ নিজ কিতাবের নমুনা উত্তরপত্র তৈরি করে মূল্যায়নকেন্দ্রে নিয়ে যেতে হবে। প্রতিদিনের মূল্যায়ন শেষে ওই দিনের নম্বর সফটওয়্যারে অন্তর্ভুক্ত করতে হবে। শেষ দিনে সফটওয়্যারে সংরক্ষিত নম্বরের প্রিন্ট নিয়ে উত্তরপত্রে লেখা মোট নম্বরের সঙ্গে মিলিয়ে দেখতে হবে। কোনো অসংগতি পাওয়া গেলে তা সংশোধন করে নম্বরের ক্রমানুসারে উত্তরপত্র সাজাতে হবে।

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। এরপর মুহতামিম অথবা নাজিমে তা‘লীমাতের স্বাক্ষর ও সিলসহ নিজ নিজ মাদরাসার এডমিনের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দিতে হবে। আবেদনপত্রে ব্যক্তিগত, শিক্ষাগত ও প্রাতিষ্ঠানিক তথ্য সঠিকভাবে উল্লেখ করতে হবে। নেগরান ও মুমতাহিন পদের ক্ষেত্রে পূর্ববর্তী বছরের মুমতাহিন আইডি থাকলে তা-ও দিতে হবে। এ ছাড়া সাম্প্রতিক রঙিন ছবি এবং সম্পূর্ণ পূরণ করা আবেদন ফরমের স্পষ্ট স্ক্যান কপি সংযুক্ত করতে হবে।

সহকারী নেগরান পদের আবেদন ফরম পাওয়া যাবে এই লিংকে। মুমতাহিন পদের আবেদন ফরম পাওয়া যাবে এই লিংকে। আবেদন জমা দেওয়ার শেষ সময় ১ নভেম্বর ২০২৬, রবিবার, ২০ জুমাদাল উলা ১৪৪৮ হিজরি।

আবেদনকারীদের মধ্য থেকে প্রয়োজনীয়সংখ্যক যোগ্য নেগরান ও মুমতাহিন বাছাই করে নিয়োগ দেওয়া হবে। অন্য আবেদনকারীদের অপেক্ষমাণ তালিকায় রাখা হতে পারে। মনোনীত কেউ পরীক্ষার আগে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করলে প্রয়োজন অনুযায়ী অপেক্ষমাণ তালিকা থেকে নিয়োগ দেওয়া হতে পারে।

দাওরায়ে হাদীস পরীক্ষার কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মাদরাসা কর্তৃপক্ষ ও মুহতামিমদের সার্বিক সহযোগিতা কামনা করেছে আল-হাইআতুল উলয়া।

আইও/