খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন
প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২৬, ০৪:৩১ দুপুর
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের চাঁদপুর জেলা কমিটি গঠন করা হয়েছে। এতে মাওলানা আবু হানিফকে সভাপতি, মাওলানা লেয়াকত আলীকে সিনিয়র সহসভাপতি, মাওলানা মাহবুবুর রহমানকে সাধারণ সম্পাদক এবং মাওলানা আবুল হাসানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) চাঁদপুর শহরের দারুল ফজল ইসলামিয়া মাদরাসা মিলনায়তনে আয়োজিত কমিটি গঠন ও মতবিনিময় সভায় উপস্থিত ওলামায়ে কেরামের সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।

জেলা আহ্বায়ক মাওলানা খাজা আহমাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সিনিয়র নায়েবে আমির মাওলানা রশিদ আহমাদ, নায়েবে আমির মুফতি মুহাম্মদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব মুফতি মিজানুর কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আহমদ আলী ও সহ-দাওয়াহবিষয়ক সম্পাদক মুফতি হায়াত মাহমুদ জাকির।

প্রধান অতিথির বক্তব্যে আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর বলেন, তৃণমূলকে সুসংগঠিত করার লক্ষ্যে দেশব্যাপী সংগঠনের জেলা কমিটি গঠন করা হচ্ছে। সব জেলার কমিটি গঠন সম্পন্ন হলে দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের পরামর্শক্রমে কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে আন্দোলন শুরু করা হবে।

তিনি বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলনের মাঠ ছাড়বেন না। এ দাবির জন্য প্রয়োজনে সর্বপ্রথম নিজের জীবন উৎসর্গ করতেও প্রস্তুত রয়েছেন বলে জানান তিনি।

সভায় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার বিভিন্ন মাদরাসার শীর্ষস্থানীয় আলেমদের মধ্যে উজানী মাদরাসার মুহতামিম মাওলানা মাহবুব এলাহী, জাফরাবাদ মাদরাসার মুহতামিম মাওলানা খাজা আহমাদ, মাওলানা লেয়াকত আলী, মাওলানা আবু হানিফ, মাওলানা মাহবুবুর রহমান ও মাওলানা ইদ্রিসসহ জেলার আট থানার প্রতিনিধিরা।

এসএইচ/