‘আল্লামা নূরুল হকের দীনি খেদমত স্মরণীয় হয়ে থাকবে’
প্রকাশ: ১৪ অক্টোবর, ২০২৬, ১১:৩৭ দুপুর
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির, কুমিল্লা জেলা সভাপতি ও বটগ্রাম হামিদিয়া মাদরাসার মুহতামিম, বর্ষীয়ান আলেম শায়খুল হাদিস আল্লামা নূরুল হকের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।

বুধবার (১৪ অক্টোবর) এক শোক বিবৃতিতে দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, গত রাতে আল্লামা নূরুল হকের ইন্তেকালে দেশ একজন প্রাজ্ঞ আলেম, অভিজ্ঞ দ্বীনি অভিভাবক ও নিবেদিতপ্রাণ ইসলামি ব্যক্তিত্বকে হারিয়েছে।

তিনি বলেন, আনুমানিক ৮৪ বছর বয়সী আল্লামা নূরুল হক চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। পরবর্তী সময়ে তিনি তাফসির বিষয়ে বিশেষ অধ্যয়ন করেন। দীর্ঘ শিক্ষকতা জীবনে ইলমে দ্বীনের প্রচার-প্রসারে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, ১৯৮০ সাল থেকে বটগ্রাম হামিদিয়া মাদ্রাসার মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন আল্লামা নূরুল হক। পাশাপাশি সহিহ বুখারি শরিফের দরস প্রদান, বিভিন্ন মাদ্রাসা প্রতিষ্ঠায় সহযোগিতা এবং কুমিল্লার কওমি মাদরাসাগুলোকে ঐক্যবদ্ধ রাখার ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। তাঁর সরল জীবনযাপন, ইখলাস ও দীনি খেদমত আলেম সমাজের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

বিবৃতিতে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, ছাত্র, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

তিনি আশা প্রকাশ করেন, মহান আল্লাহ তাআলা মরহুমের সব নেক আমল ও দ্বীনি খেদমত কবুল করে তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করবেন।

আইও/