ময়মনসিংহ বিভাগীয় ইসলামি বইমেলা শুরু হচ্ছে ১২ নভেম্বর
প্রকাশ: ১৪ অক্টোবর, ২০২৬, ০৭:১৪ বিকাল
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

সীরাতকেন্দ্রের আয়োজনে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ময়মনসিংহ বিভাগীয় ইসলামি বইমেলা ২০২৬। আগামী ১২ নভেম্বর থেকে শুরু হয়ে ১০ দিনব্যাপী এ মেলা চলবে ২১ নভেম্বর পর্যন্ত।

ময়মনসিংহ টাউন হল প্রাঙ্গণে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। এতে ৬০টিরও বেশি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নেবে। মেলায় নারীদের জন্য থাকবে বিশেষ প্রহর।

বইমেলা বাস্তবায়ন কমিটির এক বৈঠকে এসব তথ্য জানানো হয়। গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) অনুষ্ঠিত এ বৈঠকে শিক্ষাবিদ, ইমাম, আলেম, খতিব, লেখক, সমাজসেবক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তাঁরা মেলার আয়োজন ও বাস্তবায়ন নিয়ে আলোচনা করেন।

আয়োজকেরা জানান, ২০০৭ সালে শিকড় সাহিত্য মাহফিলের উদ্যোগে ময়মনসিংহে প্রথম ইসলামি বইমেলা অনুষ্ঠিত হয়। এরপর পর্যায়ক্রমে সেখানে বিভিন্ন বইমেলার আয়োজন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ২০২২ সালে ময়মনসিংহ টাউন হল প্রাঙ্গণে প্রথমবারের মতো ইসলামি বইমেলার আয়োজন করে সীরাতকেন্দ্র। মেলাটি সর্বমহলে ব্যাপক সাড়া ফেলায় এরপর থেকে প্রতিবছর এ আয়োজন করে আসছে প্রতিষ্ঠানটি।

সীরাতকেন্দ্রের নির্বাহী পরিচালক মাওলানা আমীর ইবনে আহমদ জানান, গত বছরগুলোর ধারাবাহিকতায় এবারও মেলা জমে উঠবে বলে তারা আশা করছেন। এবারের মেলাও পাঠক, লেখক ও প্রকাশকদের মিলনমেলায় পরিণত হবে বলে তিনি জানান।

এসএইচ/