বিএমইউতে চালু হলো আধুনিক লিভার ক্যানসার ক্লিনিক
প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২৬, ০৫:৪৬ বিকাল
নিউজ ডেস্ক

লিভার ক্যানসারে আক্রান্ত রোগীদের আধুনিক ও সমন্বিত চিকিৎসাসেবা নিশ্চিত করতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) চালু হয়েছে বিশেষায়িত লিভার ক্যানসার ক্লিনিক। ছয়টিরও বেশি বিভাগের সমন্বয়ে পরিচালিত এ ক্লিনিকে রোগ নির্ণয়, রোগের পর্যায় নির্ধারণ, চিকিৎসাপদ্ধতি নির্বাচন ও চিকিৎসার অগ্রগতি পর্যবেক্ষণ করা হবে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর বিএমইউর শহীদ ডা. মিল্টন হলে আয়োজিত অনুষ্ঠানে ক্লিনিকটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিকী।

বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের উদ্যোগে এবং বিএমইউ হেপাটোলজি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই অনুষ্ঠানে লিভার ক্যানসার সচেতনতা মাস ২০২৬ উপলক্ষে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিকী বলেন, লিভার ক্যানসার বর্তমানে একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা। এ রোগ প্রতিরোধ, ঝুঁকিপূর্ণ রোগীদের নিয়মিত পর্যবেক্ষণ, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ ও সময়োপযোগী চিকিৎসা নিশ্চিত করা গেলে চিকিৎসার ফলাফল উন্নত করা সম্ভব।

তিনি বলেন, লিভার ক্যানসারের চিকিৎসায় আধুনিক বৈজ্ঞানিক জ্ঞান, গবেষণা এবং বিভিন্ন বিশেষজ্ঞের সমন্বিত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএমইউর হেপাটোলজি বিভাগে এ ক্লিনিক চালু একটি প্রশংসনীয় উদ্যোগ। এর মাধ্যমে রোগীদের সুসংগঠিত ও সমন্বিত চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি দেশে লিভার ক্যানসারের চিকিৎসার মানোন্নয়ন ও গবেষণার নতুন সুযোগ সৃষ্টি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. নূরুদ্দীন আহমদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এস. কে. এম. নাজমুল হাসান।

সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসকরা লিভার ক্যানসারের আধুনিক চিকিৎসাপদ্ধতি নিয়ে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন। এতে বিএমইউর ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আকরাম হোসেন, রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের অধ্যাপক ডা. বিশ্বজিৎ ভৌমিক এবং এনাম মেডিকেল কলেজের হেপাটোবিলিয়ারি সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. আসাদুজ্জামান নূর অংশ নেন।

বৈজ্ঞানিক অধিবেশনে লিভার ক্যানসারের চিকিৎসায় লোকোরিজিওনাল থেরাপি, স্টেরিওট্যাকটিক বডি রেডিওথেরাপি (এসবিআরটি), সার্জিক্যাল রিসেকশন ও লিভার ট্রান্সপ্লান্টেশনের আধুনিক প্রয়োগ নিয়ে আলোচনা করা হয়। বিশেষজ্ঞরা এসব চিকিৎসাপদ্ধতির ব্যবহার ও সাম্প্রতিক অগ্রগতি তুলে ধরেন।
অনুষ্ঠানের বিশেষ অধিবেশনে লিভার ক্যানসার রেজিস্ট্রির অগ্রগতিও তুলে ধরা হয়। পাশাপাশি রোগীদের জন্য বিশেষায়িত চিকিৎসাসেবা সম্প্রসারণ, রোগের প্রকৃত চিত্র, ঝুঁকির ধরন ও চিকিৎসার ফলাফল সম্পর্কে তথ্যভিত্তিক গবেষণার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

হেপাটোলজি বিভাগের উদ্যোগে গত আগস্ট থেকে ক্লিনিকটি পরীক্ষামূলকভাবে পরিচালিত হয়ে আসছে। বৃহস্পতিবারের অনুষ্ঠানের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সংশ্লিষ্টরা আশা করছেন, ক্লিনিকটির কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞদের সমন্বয়ে লিভার ক্যানসারে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা আরও সুসংগঠিত হবে।

অনুষ্ঠানে অধ্যাপক ডা. বিধান চন্দ্র দাস, অধ্যাপক ডা. মো. গোলাম আযম, অধ্যাপক ডা. এবিএম শাকিল গনি, অধ্যাপক ডা. আব্দুল্লাহ আল ফারুক, অধ্যাপক ডা. আব্দুল্লাহ আল মাহমুদ, অধ্যাপক ডা. মো. ফজল করিম, অধ্যাপক ডা. মো. মোহছেন চৌধুরী, সহযোগী অধ্যাপক ডা. মো. খালেকুজ্জামান, ডা. সাইফ উদ্দিন নিসার আহমেদ ও ডা. মো. সাইফুল ইসলাম এলিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, চিকিৎসক ও রেসিডেন্টরা উপস্থিত ছিলেন।

এসএইচ/