‘দাওয়াতি কার্যক্রমে জমিয়তকে আরও শক্তিশালী করতে হবে’
প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২৬, ০৭:১৫ বিকাল
নিউজ ডেস্ক

মৌলভীবাজার প্রতিনিধি

সম্মিলিত দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মৌলভীবাজার জেলা পৌরসভা মিলনায়তনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মৌলভীবাজার জেলা কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মাওলানা আব্দুল মালিক চৌধুরীর পরিচালনায় এবং জমিয়তের যুগ্ম মহাসচিব মাওলানা ফয়যুল হাসান খাদেমানীর সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া দায়িত্বশীলদের উদ্দেশে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন। তিনি দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে সংগঠনের ভিত্তি আরও মজবুত করার ওপর গুরুত্বারোপ করেন।

কাউন্সিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তের যুগ্ম মহাসচিব মাওলানা মতিউর রহমান গাজীপুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী, ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি কাউসার আহমাদ এবং ছাত্র জমিয়ত সিলেট বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার জেলা ছাত্র জমিয়তের সভাপতি ফাহিম হাসান।

এ ছাড়া বক্তব্য দেন বড়লেখা উপজেলা জমিয়তের আহ্বায়ক মাওলানা রমিজ উদ্দিন, কুলাউড়া উপজেলা জমিয়তের আহ্বায়ক মাওলানা আনোয়ারুল ইসলাম, জুড়ী উপজেলা জমিয়তের সদস্যসচিব মাওলানা নেয়ামতুল্লাহ, রাজনগর উপজেলার মাওলানা শরিফ খালেদ সাইফুল্লাহ এবং কমলগঞ্জ উপজেলা জমিয়তের আহ্বায়ক মাওলানা তালেব উদ্দিনসহ স্থানীয় নেতারা।

কাউন্সিলে মৌলভীবাজার জেলায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং দায়িত্বশীলদের মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা হয়।

এসএইচ/