সমাজ ও রাষ্ট্রের কল্যাণে যুবসমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ: জমিয়ত সভাপতি
প্রকাশ: ১৬ অক্টোবর, ২০২৬, ১০:২৭ দুপুর
নিউজ ডেস্ক

গাইবান্ধা প্রতিনিধি

সমাজ ও রাষ্ট্রের কল্যাণে যুবসমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক কাসেমী। তিনি বলেছেন, তরুণদের ঈমান, আমল, নৈতিকতা ও ইসলামি আদর্শে গড়ে তুলতে পারলে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৩টায় গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে যুব জমিয়ত বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখার কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধিবেশনে মাওলানা মুফতি আইয়ুব আলীকে সভাপতি ও মাওলানা আবদুল খালেক বল্লমঝাড়ীকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উবায়দুল্লাহ ফারুক কাসেমী বলেন, তরুণ সমাজ একটি জাতির গুরুত্বপূর্ণ শক্তি। যুব জমিয়তকে জমিয়তের আদর্শ ও ঐতিহ্য ধারণ করে যোগ্য নেতৃত্ব তৈরি, দ্বীনি মূল্যবোধের প্রসার এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। এ সময় তিনি সংগঠনের নেতাকর্মীদের ঐক্য, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

কাউন্সিলে বক্তারা বলেন, তরুণ সমাজকে ইসলামী মূল্যবোধ, নৈতিকতা ও দেশপ্রেমে গড়ে তুলতে হবে। অন্যায়-অবিচার প্রতিরোধ, ইসলামী শিক্ষা-সংস্কৃতির প্রসার এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে যুবকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। পাশাপাশি তরুণ আলেম-উলামা ও দ্বীনদার যুবকদের ঐক্যবদ্ধ করে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

অধিবেশনে বিশেষ অতিথি ছিলেন মাওলানা গোলাম মোস্তফা সরদার, মাওলানা আবু সাঈদ তাফসীরপুরী ও মাওলানা জুবায়ের মাহমুদ। প্রধান বক্তা ছিলেন যুব জমিয়ত বাংলাদেশের সহসভাপতি মাওলানা সালমান জামি। বিশেষ বক্তা ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাওলানা আতাউর রহমান মারুফ। অধিবেশনে সভাপতিত্ব করেন মাওলানা মুফতি আইয়ুব আলী।

নবগঠিত কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন মাওলানা সাজ্জাদ হুসাইন, প্রচার সম্পাদক মাওলানা রাফি উদ্দীন এবং অর্থ সম্পাদক মাওলানা বাইজিদ হুসাইন। নবনির্বাচিত নেতারা সংগঠনের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।

এসএইচ/