ফিলিস্তিনিদের ভূমি দখলে বাড়াবাড়ি করেছে ইসরায়েল: বারাক ওবামা
প্রকাশ: ১৬ অক্টোবর, ২০২৬, ০৩:৩৫ দুপুর
নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, হাজার হাজার বছর ধরে ইহুদিরা নিপীড়ন, বৈষম্য ও হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যার বড় একটি অংশের দায় ইউরোপের। এ ঐতিহাসিক বাস্তবতায় ইহুদিদের নিরাপদ আশ্রয় খোঁজার বিষয়টি বোধগম্য হলেও সেই প্রক্রিয়ায় ফিলিস্তিনিদের ভূমি দখল এবং বাড়াবাড়ি করা হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্টে সাংবাদিক ও লেখক সুসান ম্যাককের সঙ্গে এক আলোচনায় এসব কথা বলেন ওবামা। কুইন্স ইউনিভার্সিটি বেলফাস্ট থেকে সম্মানসূচক ডক্টরেট গ্রহণ উপলক্ষে তাঁর এ সফর ছিল। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে তাঁর বক্তব্য প্রকাশিত হয়।

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে ওবামা বলেন, ইহুদিরা দীর্ঘকাল নিপীড়ন ও হত্যার শিকার হয়েছেন। ইউরোপের বড় একটি অংশ এর জন্য দায়ী। এ কারণে তাঁদের নিরাপদ আশ্রয় খোঁজার আকাঙ্ক্ষা স্বাভাবিক। তবে একই সঙ্গে এটিও অস্বীকার করার উপায় নেই যে তাঁরা অন্যদের ভূমি নিয়েছেন এবং এ ক্ষেত্রে বাড়াবাড়ি করেছেন।

ওবামার বক্তব্য অনুযায়ী, ভূমি হারানো ফিলিস্তিনিদের প্রতিক্রিয়াও বোধগম্য। তাঁরা এটিকে অন্যায় হিসেবে দেখেছেন এবং নিজেদের ভূমি ফিরে পাওয়ার দাবি জানিয়েছেন।

আলোচনায় ইসরায়েলের বর্তমান নিরাপত্তানীতি নিয়েও সমালোচনা করেন ওবামা। তিনি সতর্ক করে বলেন, কোনো দেশ সামরিক শক্তি ও প্রযুক্তিগত সক্ষমতায় অঞ্চলের সবচেয়ে শক্তিশালী অবস্থানে পৌঁছালেই যা ইচ্ছা তা করার অধিকার পেয়ে যায় না।

ইসরায়েলের অবস্থান যদি এমন হয় যে নিজেদের নিরাপত্তার জন্য তারা প্রয়োজনমতো সবকিছু করবে, অন্যের ভূমি নেবে এবং কারও সঙ্গে কোনো আপস করবে না, তাহলে স্বল্প মেয়াদে এ কৌশল কার্যকর মনে হতে পারে। কিন্তু দীর্ঘ মেয়াদে এতে দেশটি তার নৈতিক অবস্থান হারাবে বলে মন্তব্য করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট।

ওবামা মনে করেন, ইসরায়েলের বর্তমান সরকার অনেক ক্ষেত্রে এ ধরনের অবস্থান গ্রহণ করেছে। তাঁর মতে, নিরাপত্তা নিশ্চিত করার নামে ফিলিস্তিনিদের অধিকার ও ন্যায্য দাবিকে উপেক্ষা করে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। সূত্র: মিল্লাত টাইমস উর্দু

এসএইচ/