ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি
প্রকাশ: ১৬ অক্টোবর, ২০২৬, ০৯:১০ রাত
নিউজ ডেস্ক

সরকার ডেঙ্গু রোগীদের চিকিৎসাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। তিনি বলেন, এই রোগের টিকা আনতে উদ্যোগ নেওয়া হবে। অর্থের কোনো সমস্যা হবে না।

শুক্রবার (১৬ অক্টোবর) ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্য দেন ডিএসসিসি প্রশাসক। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর নানা উদ্যোগ সবার দায়বদ্ধতা বাড়িয়েছে। রোগটির প্রকোপ কমাতে সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে। তা না হলে কোনো উদ্যোগেই ডেঙ্গু প্রতিরোধ সম্ভব হবে না। 

বর্তমানে ডেঙ্গু পরিস্থিতি জাতীয় সংকটে রূপ নিয়েছে উল্লেখ করে আবদুস সালাম বলেন, বিরোধী দল ডেঙ্গু প্রতিকারে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কর্মসূচি নেয়নি। বিপরীতে তারা লং মার্চের মাধ্যমে জনভোগান্তি সৃষ্টি করছে।

ডেঙ্গু প্রতিরোধে জরিমানা আদায়ের অর্থ ভুক্তভোগীর পরিবারকে প্রদানের জন্য প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব দেওয়া হবে বলেও জানান ডিএসসিসি প্রশাসক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। তিনি বলেন, ডেঙ্গু এখন বছরজুড়ে ভোগান্তির নাম। ঢাকাসহ সারাদেশে এর প্রাদুর্ভাব বেড়ে চলেছে। পরিস্থিতি মহামারি আকার ধারণ না করলেও হাসপাতালগুলোতে গেলে ভায়াবহতা দেখা যায়।

হাসান আহমেদ চৌধুরী বলেন, আগের শাসনামলে ডেঙ্গু চিকিৎসার নামে অনিয়মের নানা তথ্য গণমাধ্যমে প্রকাশ হয়েছে। ওষুধ কেনা, পরীক্ষার ডিভাইস সরবরাহে অনিয়ম ও রাজনৈতিক হস্তক্ষেপসহ নানা অনিয়মের ঘটনা ঘটেছিল। আওয়ামী লীগের শাসনামলে ২০২৩ সালে দেশের ইতিহাসে সবেচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জন রোগী মারা যান।

‘ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের চেয়ে নাগরিক সচেতনতা অধিক গুরুত্বপূর্ণ’ শীর্ষক ছায়া সংসদ বিতর্কে জয়ী হয়েছে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ। বিরোধী দল ছিল কবি নজরুল সরকারি কলেজ। 

এসএইচ/