শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী
প্রকাশ: ১৭ অক্টোবর, ২০২৬, ১০:২১ দুপুর
নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রখ্যাত ইসলামি পণ্ডিত ও শিক্ষাবিদ মাওলানা সাঈদুর রহমান আজমি নদভি রহ.-এর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি উত্তর প্রদেশের লখনৌতে মাওলানার বাসভবনে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন, তাদের সান্ত্বনা দেন এবং মরহুমের সঙ্গে কাটানো স্মৃতি স্মরণ করেন।

উর্দু সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, লখনৌর ডালি গঞ্জে বন্দি মাতা মন্দিরের কাছে অবস্থিত মাওলানার বাসভবনে যান রাজনাথ সিং। সেখানে তিনি মাওলানার ছেলে আতাউর রহমান, জামাতা আবদুল্লাহ এবং পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি মাওলানার প্রতি শ্রদ্ধা জানান এবং শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান।

সাক্ষাৎকালে রাজনাথ সিং মাওলানা সাঈদুর রহমান আজমি নদভির সঙ্গে কাটানো সময় ও পুরোনো স্মৃতির কথা তুলে ধরেন। এ সময় লখনৌর নাদওয়াতুল উলামার বর্তমান প্রিন্সিপালসহ সংশ্লিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

মাওলানা সাঈদুর রহমান আজমি নদভী রহ. ছিলেন প্রখ্যাত ইসলামি পণ্ডিত, শিক্ষাবিদ এবং লখনৌর নাদওয়াতুল উলামার সাবেক প্রিন্সিপাল। তাঁর ইন্তেকালকে ইসলামি শিক্ষা ও জ্ঞানচর্চার জগতের জন্য বড় ক্ষতি হিসেবে দেখা হচ্ছে। ধর্মীয় শিক্ষা, পাঠদান ও জ্ঞানচর্চায় তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। সূত্র: ইউএনএ নিউজ

আরএইচ/