যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই
প্রকাশ: ১৭ অক্টোবর, ২০২৬, ১০:২৩ দুপুর
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে জুমার নামাজে বয়ান ও ইমামতি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।

শুক্রবার (১৬ অক্টোবর) নিউজার্সির ইসলামিক ফাউন্ডেশন অব নিউজার্সি, জালালাবাদ জামে মসজিদে তিনি এ দায়িত্ব পালন করেন।

১৪ দিনের সফরে বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন পীর সাহেব চরমোনাই। দলের পক্ষ থেকে প্রকাশিত সফরসূচি অনুযায়ী, সফরের প্রথম দিন নিউইয়র্কের জামাইকায় আমেরিকান মুসলিম সেন্টারে কর্মসূচিতে অংশ নেন পীর সাহেব চরমোনাই। ১৫ অক্টোবর ওয়াশিংটন মসজিদেও তাঁর কর্মসূচি ছিল। এর ধারাবাহিকতায় শুক্রবার নিউজার্সিতে জুমার বয়ান ও ইমামতি করেন তিনি।

সফরসূচি অনুযায়ী, শনিবার (১৭ অক্টোবর) ব্রঙ্কস মুসলিম সেন্টারে ইমাম ও উলামা সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। একই দিন ব্রুকলিনের বাংলাদেশ মুসলিম সেন্টারেও কর্মসূচি রয়েছে।

১৮ অক্টোবর ব্রুকলিনের মসজিদ আল আমান ইনকরপোরেটেডে এবং ১৯ অক্টোবর নিউইয়র্কের জ্যাকসন হাইটসের সানাই পার্টি হলে অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। ২০ অক্টোবর বাফেলো সফরের কথা রয়েছে তাঁর।

এ ছাড়া ২১ অক্টোবর নিউইয়র্কের জামাইকার ইনউডে মসজিদে কুবায় এবং ২২ অক্টোবর একটি সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে পীর সাহেব চরমোনাইয়ের। ২৩ অক্টোবর নিউইয়র্কের হিলসাইডে দারুল উলুম নিউইয়র্ক মাদরাসায় তাঁর কর্মসূচি নির্ধারিত রয়েছে।

সফরের শেষ পর্যায়ে ২৪ অক্টোবর মিশিগান অঙ্গরাজ্যের মাউন্ট রোড এলাকার মসজিদুন নূরে এবং ২৫ অক্টোবর নিউইয়র্কের এলমহার্স্টের উডসাইড অ্যাভিনিউয়ে আন নূর কালচার সেন্টারে অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

সফরকালে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি মুসলিম, আলেম-উলামা ও বিভিন্ন ইসলামি প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে তাঁর মতবিনিময়ের সুযোগ তৈরি হবে বলে আশা করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

আরএইচ/