কুমিল্লার বটগ্রাম মাদরাসার নতুন মুহতামিম মাওলানা জামালুদ্দীন
প্রকাশ: ১৮ অক্টোবর, ২০২৬, ০৭:২৫ বিকাল
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির ও কুমিল্লার প্রবীণ আলেম শায়খুল হাদিস মাওলানা শাহ নুরুল হকের ইন্তেকালের পর জামিয়া ইসলামিয়া হামিদিয়া কওমিয়া বটগ্রাম মাদরাসার নতুন মুহতামিম মনোনীত হয়েছেন মাওলানা জামালুদ্দীন।

রোববার (১৮ অক্টোবর) মাদরাসার মজলিসে শুরার সর্বসম্মতিক্রমে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ১১টার দিকে মাওলানা নুরুল হক ইন্তেকাল করেন। পরদিন বুধবার সকাল ১১টায় কুমিল্লার সুয়াগঞ্জ কলেজ ও হাইস্কুল মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁকে পৈতৃক নিবাস দাতামা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মাওলানা নুরুল হক দীর্ঘদিন জামিয়া ইসলামিয়া হামিদিয়া কওমিয়া বটগ্রাম মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস হিসেবে দায়িত্ব পালন করেন। প্রায় অর্ধশতাব্দী ধরে তিনি প্রতিষ্ঠানটির মুহতামিমের দায়িত্বে ছিলেন। এ ছাড়া তিনি কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করেন।

দীর্ঘ কর্মজীবনে ইসলামি শিক্ষার বিস্তার, ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা ও সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। তাঁর ইন্তেকালে কুমিল্লাসহ দেশ-বিদেশের আলেমসমাজ ও সাধারণ মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

এসএইচ/