
|
এবার চট্টগ্রাম বিভাগের ইমাম-খতিবদের জন্য আস-সুন্নাহর বিশেষ প্রশিক্ষণ
প্রকাশ:
১৯ অক্টোবর, ২০২৬, ০৫:৫৩ বিকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক এবার চট্টগ্রাম বিভাগের ১১ জেলার নির্বাচিত ইমাম-খতিবদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। আগামী ২১ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণে দাওয়াতি কার্যক্রমকে আরও কার্যকর ও সময়োপযোগী করতে বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জনের সুযোগ পাবেন অংশগ্রহণকারীরা। প্রশিক্ষণে নেতৃত্বের গুণাবলি, ব্যক্তিগত উন্নয়ন, জনসমক্ষে বক্তব্য উপস্থাপন, সময় ব্যবস্থাপনা, তথ্য যাচাই, যোগাযোগের দক্ষতা এবং সামাজিক উন্নয়নের মতো প্রায় ২০টি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি ইসলামি চিন্তাধারা ও সমকালীন মতবাদ, সংশয়বাদ ও নাস্তিক্যবাদ মোকাবিলা, দাওয়াতি কাজে আধুনিক প্রযুক্তির ব্যবহার, অভিভাবকত্ব, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা ও শরীরচর্চার মতো বিষয়ও থাকছে। এর আগে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বিভাগের ইমাম-খতিবদের জন্য এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। এবার চট্টগ্রাম বিভাগের মসজিদগুলোতে কর্মরত নির্বাচিত ইমাম-খতিবদের নিয়ে এ আয়োজন করা হচ্ছে। ফাউন্ডেশনের প্রত্যাশা, এ প্রশিক্ষণের মাধ্যমে ইমাম-খতিবরা দাওয়াতি কাজে আরও দক্ষ হয়ে উঠবেন। পাশাপাশি একই এলাকার ইমাম-খতিবদের মধ্যে পারস্পরিক পরিচিতি, যোগাযোগ ও সৌহার্দ্য গড়ে উঠবে। প্রশিক্ষণে যেসব বিষয় থাকছে প্রশিক্ষণের বিষয়গুলোর মধ্যে রয়েছে—আদর্শ ইমামের বৈশিষ্ট্য ও গুণাবলি, নেতৃত্ব ও ব্যক্তিগত উন্নয়ন, দাওয়াত ও মনস্তত্ত্ব, আবেগীয় বুদ্ধিমত্তা, মসজিদকে কার্যকর ও উৎপাদনশীল করার কৌশল, দাওয়াতি কাজে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও তথ্য যাচাই, ইসলামি চিন্তাধারা ও সমকালীন মতবাদের পরিচিতি-প্রভাব-বিশ্লেষণ, জনসমক্ষে বক্তব্য উপস্থাপন, কার্যকর যোগাযোগ ও সমাজ উন্নয়ন এবং সময় ব্যবস্থাপনা। এ ছাড়া বিজ্ঞানবাদ ও ইসলাম-বিজ্ঞানের সম্পর্ক, এলজিবিটিকিউ ও জেন্ডারবিষয়ক সমকালীন বিতর্ক, সংশয়বাদ ও নাস্তিক্যবাদ মোকাবিলার উপায়, সন্তান প্রতিপালন, দৈনন্দিন শরীরচর্চা এবং প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা নিয়েও প্রশিক্ষণ দেওয়া হবে। আবেদনের যোগ্যতা ও প্রক্রিয়া বর্তমানে চট্টগ্রাম বিভাগের কোনো মসজিদে ইমাম বা খতিব হিসেবে কর্মরত ব্যক্তিরা এ প্রশিক্ষণে অংশ নিতে আবেদন করতে পারবেন। আবেদনকারীদের দাওরায়ে হাদিস, ফাজিল-কামিল অথবা ইসলাম কিংবা আরবি বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। আগ্রহীদের নির্ধারিত অনলাইন ফরমের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনকারীদের পরীক্ষার ফলাফল, পেশাগত অভিজ্ঞতা, দাওয়াতি কার্যক্রম ও সামাজিক কাজে সম্পৃক্ততাসহ বিভিন্ন বিষয় বিবেচনা করে প্রশিক্ষণার্থীদের চূড়ান্ত তালিকা তৈরি করা হবে। নির্বাচিত ব্যক্তিদের ফোনে জানানো হবে। কেবল নির্বাচিতরাই প্রশিক্ষণে অংশ নিতে পারবেন। নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণের দিন জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সর্বশেষ পরীক্ষার সনদ বা নম্বরপত্র এবং সংশ্লিষ্ট মসজিদের সিল ও স্বাক্ষরযুক্ত প্রত্যয়নপত্র সঙ্গে আনতে হবে। আবেদনের শেষ তারিখ আগামী ৩ নভেম্বর, মঙ্গলবার। প্রশিক্ষণ চলবে ২১ থেকে ২৫ নভেম্বর, শনিবার থেকে বুধবার পর্যন্ত। প্রশিক্ষণের স্থান ঢাকার আফতাবনগরে প্লট ৬২, রোড ৩, ব্লক এ। আগ্রহীরা https://asf.sh/8thImam এই লিংকে প্রবেশ করে আবেদন করতে পারবেন। এসএইচ/ |