সৌদির তিন রুটে ফ্লাইট চালু, রিয়াদ নিয়েও নতুন সিদ্ধান্ত বিমানের
প্রকাশ: ২১ অক্টোবর, ২০২৬, ০৭:২০ বিকাল
নিউজ ডেস্ক

সৌদি আরবের বিমানবন্দরে হামলাজনিত পরিস্থিতির উন্নতি হওয়ায় দেশটির বিভিন্ন রুটে ফ্লাইট পরিচালনা নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এরই অংশ হিসেবে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হয়েছে। আগামী ২৫ অক্টোবর থেকে ঢাকা-রিয়াদ রুটেও একটি ফ্লাইট পরিচালনা করবে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।

এ ছাড়া জেদ্দা ও মদিনা রুটে ফ্লাইট চলাচল অব্যাহত রয়েছে। এতে সৌদি আরবগামী যাত্রীদের ভোগান্তি কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার (২১ অক্টোবর) থেকে ঢাকা-দাম্মাম রুটে পুনরায় ফ্লাইট চলাচল শুরু হয়েছে। আগামী ২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বাংলাদেশ সময় সকাল ৮টায় ঢাকা থেকে দাম্মামের উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যাবে। এসব ফ্লাইট পরিচালনায় ব্যবহার করা হবে বোয়িং ৭৭৭ উড়োজাহাজ।

অন্যদিকে, আগামী ২৫ অক্টোবর ঢাকা-রিয়াদ রুটে একটি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিমান। ওই দিন দিবাগত রাত ১টা ২৫ মিনিটে ফ্লাইটটি ঢাকা থেকে রিয়াদের উদ্দেশ্যে যাত্রা করবে।

সৌদি আরবের বিমানবন্দরে হামলাজনিত পরিস্থিতির উন্নতি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যালোচনার পর রিয়াদ রুটের অন্যান্য ফ্লাইট পরিচালনার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

রিয়াদগামী যেসব যাত্রীর টিকিট রয়েছে, তারা চাইলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নির্ধারিত সেলস কাউন্টারে যোগাযোগ করে টিকিট পরিবর্তনের মাধ্যমে দাম্মাম হয়ে সৌদি আরব যেতে পারবেন। তবে এ সুবিধা নির্ভর করবে টিকিট পরিবর্তন ও আসনপ্রাপ্যতার ওপর।

এদিকে, ২২ অক্টোবর ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে দুটি ফ্লাইট পরিচালনা করবে বিমান। পরবর্তী তিন দিন, অর্থাৎ ২৩, ২৪ ও ২৫ অক্টোবর প্রতিদিন বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে একটি করে ফ্লাইট ছেড়ে যাবে।

মদিনা রুটেও নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। গত ১৮ অক্টোবর থেকে এ রুটে ফ্লাইট চলাচল অব্যাহত রয়েছে। বোয়িং ৭৮৭ উড়োজাহাজ দিয়ে এসব ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত মদিনা রুটের ফ্লাইট কার্যক্রম ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।

সৌদি আরবের বিভিন্ন রুটে ফ্লাইট পুনরায় চালু এবং নির্ধারিত ফ্লাইট পরিচালনার ফলে যাত্রীদের যাতায়াত সহজ হবে বলে আশা করা হচ্ছে। টিকিট পরিবর্তন, আসনপ্রাপ্যতা ও ভ্রমণসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নির্ধারিত সেলস কাউন্টারে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

এসএইচ/