
|
শিক্ষকদের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান
প্রকাশ:
২১ অক্টোবর, ২০২৬, ০৯:০৪ রাত
নিউজ ডেস্ক |
জেলা প্রতিনিধি : শিক্ষকদের সম্মিলিত স্বার্থ রক্ষা, অসহায় শিক্ষক ও সহায়ক কর্মীদের কল্যাণ এবং দারুল আরকাম মাদরাসাগুলো সচল রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতির (বাদাশিকস) কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন। তিনি বলেন, শিক্ষক ও সহায়ক কর্মীদের মানবেতর জীবনযাপন থেকে রক্ষা করতে নিয়মিত মাসিক ভিত্তিতে বেতন-ভাতা পরিশোধ করতে হবে। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তিনি। মঙ্গলবার (২০ অক্টোবর) সিলেট নগরের দরগাহ গেটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে বাদাশিকস সিলেট জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও সিলেট জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা ফয়জুল হাসান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাদাশিকসের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মুফতি মুনাওয়ার হুসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মুফতি নাজমুল হুদা কাসেমী ও মাওলানা রফিকুল ইসলাম, সিনিয়র সহসাধারণ সম্পাদক মাওলানা আল-আমিন হোসাইন, আইসিটি সম্পাদক হাফেজ মাওলানা রাশেদুল ইসলাম, অর্থ সম্পাদক মাওলানা মো. মনিরুজ্জামান এবং দপ্তর সম্পাদক মুফতি জসিম উদ্দীন সিদ্দিকী। এ ছাড়া উপস্থিত ছিলেন বাদাশিকসের হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা মাসুম বিল্লাহ, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা মুহিব্বুল হক, মৌলভীবাজার শাখার সাধারণ সম্পাদক মাওলানা আকমল হোসাইন, সিলেট শাখার সাংগঠনিক সম্পাদক মহব্বত উল্লাহ নোমানসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও সহায়ক কর্মীরা। সভায় সংগঠনের সার্বিক কার্যক্রম, শিক্ষকদের অধিকার ও কল্যাণমূলক পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় বিগত বছরের অডিট রিপোর্ট পেশ করেন সংগঠনের সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক সোহেল আহমদ। অডিট প্রতিবেদন উপস্থাপন করেন মাওলানা কামাল আহমদ। প্রধান অতিথির বক্তব্যে মুফতি জয়নুল আবেদীন আরও বলেন, দারুল আরকাম মাদরাসাগুলোকে নিজেদের প্রাণের প্রতিষ্ঠান মনে করে আন্তরিকতার সঙ্গে পাঠদান করতে হবে। প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম সচল রাখতে শিক্ষক ও সহায়ক কর্মীদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। প্রধান বক্তার বক্তব্যে মুফতি মুনাওয়ার হুসাইন বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নিজেদের সমৃদ্ধি ও উন্নতির জন্য নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। আমাদের বিরুদ্ধে সংঘটিত সব ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। ঐক্যবদ্ধভাবেই আমরা আমাদের স্বপ্ন বাস্তবায়ন করব, ইনশাআল্লাহ।’ বক্তারা বলেন, শিক্ষক ও সহায়ক কর্মীরা যেন মানবেতর জীবনযাপন থেকে মুক্তি পেয়ে চিন্তামুক্তভাবে পাঠদানে মনোযোগ দিতে পারেন, সে জন্য নিয়মিত মাসিক ভিত্তিতে বেতন-ভাতা পরিশোধ নিশ্চিত করা জরুরি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন তারা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ জয়নাল আবেদীন। ইসলামী সংগীত পরিবেশন করেন সোহেল আহমদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক সোহেল আহমদ, অর্থ সম্পাদক সাজ্জাদুর রহমান ও সাংগঠনিক সম্পাদক হাফেজ মুফতি নুমন বিন রব্বানী। এসএইচ/ |