
|
দ্বিতীয় সাময়িক পরীক্ষা শেষে বাড়ির পথে কওমি মাদরাসার ছাত্ররা
প্রকাশ:
২২ অক্টোবর, ২০২৬, ০২:৪৩ দুপুর
নিউজ ডেস্ক |
ইমরান ওবাইদ, নিউজ ডেস্ক: দীর্ঘ প্রায় তিন মাসের পড়ালেখা আর সপ্তাহখানেকের পরীক্ষা শেষে সাময়িক ছুটিতে বাড়ি ফিরছে কওমি মাদরাসার ছাত্ররা। পরীক্ষা শেষে বাড়ি যেতে পারার আনন্দে উচ্ছ্বসিত সবাই। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাজধানীর অধিকাংশ মাদরাসায় ২য় সাময়িক পরীক্ষা শেষে সাময়িক ছুটির ঘোষণা দেওয়া হয়। কিছু কিছু মাদরাসায় আগে-পরে হলেও অধিকাংশ মাদরাসার পরীক্ষা শেষে ছুটি হচ্ছে আজ থেকেই। একসঙ্গে রাজধানীর অধিকাংশ কওমি মাদরাসা ছুটি হওয়ায় স্টেশনগুলোতেও লক্ষ্য করা যায় পাঞ্জাবি-জুব্বা আর সাদা টুপি পরা মাদরাসার ছাত্রদের বিশেষ আনাগোনা। দল বেঁধে বা একাকী বাড়ি ফিরছে তারা। পরীক্ষা শেষে বাড়ির পথ ধরা ঢাকার রামপুরার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়াতুল আসআদের ইফতা বিভাগের ছাত্র শুয়াইব হাসসান জানান, সুস্থতার সাথে পরীক্ষা শেষ করে ছুটিতে বাড়িতে যেতে পেরে আমি আনন্দিত। কিছুদিন বিশ্রাম নিয়ে আবারও পূর্ণ উদ্যমে পড়ালেখা চালিয়ে যাব, ইনশাআল্লাহ। ছুটিতে বাড়ির পথ ধরা ছাত্রদের উদ্দেশ্যে রামপুরার শেখ জনউদ্দীন মাদরাসার মুদাররিস ও আওয়ার ইসলাম সম্পাদক মুফতি হুমায়ুন আইয়ুব বলেন, আজ থেকে দ্বিতীয় সাময়িক পরীক্ষার ছুটি শুরু হলো। ছাত্ররা সবাই বাড়ি যাচ্ছে। তারা এই সময়টা বাবা-মার খেদমত ও ইলম-আমলের মধ্যে কাটাবে এই প্রত্যাশা রাখি। কেউ যেন নামাজ কাজা করাসহ কোনো প্রকার গুনাহে না জড়ায় সেই নির্দেশ থাকবে। দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান কওমি মাদরাসাগুলোতে বছরে তিন ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। পরীক্ষা শেষে থাকে সপ্তাহখানেকের সাময়িক বিরতি। যে সময়টা শিক্ষার্থীদের অধিকাংশই পিতা-মাতা ও স্বজনদের সাথে কাটিয়ে থাকেন। অনেকে আবার নিজের যোগ্যতা বৃদ্ধিতে অংশ নেন নানারকম কোর্সে। আজ থেকে রাজধানীর অধিকাংশ কওমি মাদরাসায় শুরু হওয়া এই সাময়িক বিরতি শেষ হবে আগামী ২৮ তারিখ, শুক্রবার নাগাদ। ছুটি শেষে ইলমে ওহির সন্ধানে আবারও সকলেই ফিরবে তাদের চিরচেনা জামিয়ায়। নিজেকে আত্মনিয়োগ করবে ইলমে ওহির সন্ধানে। আইও/ |