৫৬ বছরের দুর্নীতি ও ব্যর্থতায় সড়ক এখন মৃত্যুফাঁদ: গাজী আতাউর রহমান
প্রকাশ: ২২ অক্টোবর, ২০২৬, ০৬:১৫ বিকাল
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

সড়ক ও গণপরিবহন খাতে ৫৬ বছরের পুঞ্জীভূত দুর্নীতি ও ব্যর্থতায় দেশের সড়ক এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ মন্তব্য করেন।

বাণীতে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে ৬৬ জন নিহত ও ১০৪ জন পঙ্গুত্ব বরণ করছেন। বছরে ৩০ লাখের বেশি মানুষ আহত হন। তাঁদের মধ্যে প্রায় ৩৮ হাজার মানুষ স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেন কিংবা প্রতিবন্ধী হয়ে পড়েন। বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ২৪ হাজার ২৩৩ জন। প্রতি লাখ মানুষের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার ১৪ দশমিক ৬৭। দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের ৮৪ দশমিক ৬ শতাংশ পুরুষ এবং ১৫ দশমিক ৪ শতাংশ নারী।

তিনি বলেন, এসব পরিসংখ্যান সড়ক দুর্ঘটনার ভয়াবহ চিত্র তুলে ধরছে। এ পরিস্থিতির জন্য স্বাধীনতার পর দায়িত্ব পালন করা সরকারগুলো দায় এড়াতে পারে না। যানবাহনের ফিটনেস ও রুট পারমিট এবং চালকদের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। সরকারের দুর্নীতি, অদক্ষতা ও উদাসীনতার কারণেই সড়ক আজ মৃত্যুফাঁদে পরিণত হয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, সড়ক নিরাপদ করতে জাতীয় নিরাপদ সড়ক দিবসে রাজনৈতিক সদিচ্ছার প্রতিজ্ঞা করতে হবে। পরিবহন খাতকে পূর্ণাঙ্গভাবে আইনের আওতায় পরিচালনা করতে হবে। একই সঙ্গে এ খাতে সক্রিয় ‘মাফিয়াদের’ দমন করতে হবে।

আইও/