হাফেজাদের যথাযথ পরিচর্যায় গড়ে তুলতে হবে: মাওলানা যাইনুল আবিদীন
প্রকাশ: ২২ অক্টোবর, ২০২৬, ০৮:২৩ রাত
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর রামপুরায় আল জান্নাহ মহিলা মাদরাসার হিফজ সমাপণকারী শিক্ষার্থীদের বিশেষ সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট, বোরকা-হিজাবসহ বিভিন্ন উপহার প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাজধানীর আল জান্নাহ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাওলানা মাসউদুল কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জামিয়া কাসেম নানুতাবির শাইখুল হাদিস মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন। তিনি বলেন, ‘কন্যাসন্তান আল্লাহর রহমত। যারা মেয়েদের সঠিক পরিচর্যায় বড় করছেন, তারা অত্যন্ত সৌভাগ্যবান। যাদের সন্তান হাফেজা হয়েছেন, তারা আল্লাহর কাছেও অনেক মর্যাদার অধিকারী। দুনিয়া ও আখেরাত—উভয় জগতেই তারা সম্মানিত।’

হাফেজাদের যথাযথ পরিচর্যায় গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কেবল হাফেজা বানিয়েই আমরা ক্ষান্ত হব না। তাদের কোরআনের তরজমা ও তাফসির শেখাতে হবে। প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মেইলের প্রধান বার্তা সম্পাদক জহির উদ্দিন বাবর বলেন, ‘হিফজ সম্পন্ন করা নিঃসন্দেহে অনেক সৌভাগ্যের ব্যাপার। তবে কোরআন শুধু মুখস্থ করলে হবে না, কোরআন যথাযথভাবে বুঝতে হবে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে তা ধারণ করতে হবে।’

বাইতুল কোরআন ওয়াস সুন্নাহ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা জয়নাল আবেদিন বলেন, একজন আদর্শ মা সমাজে কতটা জরুরি, তা সমাজের দিকে তাকালেই বোঝা যায়।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মাওলানা আবদুস সালাম, মাওলানা তাওহিদুল ইসলাম, মাওলানা আমিন আশরাফ প্রমুখ।

 এমএম/